গাইবান্ধা সদর থানা হেফাজতে সাজিদুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম এবং কনস্টেবল দুলাল চন্দ্র সরকার ও মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামি উপপরিদর্শক (এসআই) ফাহিমা হায়দারকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। গতকাল সোমবার আসামিরা জামিনের আবেদন জানালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামান এ নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৮ মে ওসি নূর আলমের নেতৃত্বে পুলিশ গাইবান্ধা শহরের কাঠপট্টি থেকে একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সাজিদুরকে (২৬) গ্রেপ্তার করে। তিনি শহরের মুন্সিপাড়ার কাপড় ব্যবসায়ী আব্দুর রউফ সরকারের ছেলে। গ্রেপ্তারের পর পুলিশ বাদী হয়ে উদ্দেশ্যমূলকভাবে সাজিদকে আসামি করে সদর থানায় একটি অস্ত্র মামলা করে। ওই মামলায় পরদিন ১৯ মে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের তৃতীয় দিন ২১ মে পুলিশের নির্যাতনে থানাহাজতে সাজিদ মারা যান। পুলিশ এই হত্যাকে আত্মহত্যা হিসেবে প্রচার করে। কিন্তু ময়নাতদন্তে সাজিদকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া যায়।এ ঘটনায় সাজিদের বড় ভাই আবদুল মাজেদ ও গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম ওই বছরের ১১ জুন বাদী হয়ে সদর থানার ওসি নূর আলমসহ ১২ জনের বিরুদ্ধে জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। গত মে মাসে মুখ্য বিচারিক হাকিম জালাল উদ্দিন মামলার শুনানি শেষে বিচারিক হাকিম আজিজুর রহমানকে মামলা তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত শেষে ওসি নূর আলম, এসআই আবু ইউসুফ ও ফাহিমা হায়দার, কনস্টেবল দুলাল চন্দ্র সরকার ও মিজানুর রহমান এবং শহরের জনৈক দেলোয়ার হোসেনসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দেন আজিজুর রহমান। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আসামি নূর আলম, ফাহিমা হায়দার, দুলাল চন্দ্র ও মিজানুর রহমান গত ১ জুন হাইকোর্টে জামিনের আবেদন জানান। হাইকোর্ট তাঁদেরকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী তাঁরা গত ৫ জুলাই গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানালে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেন। গতকাল শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। মামলার বাকি দুই আসামি এসআই আবু ইউসুফ ও দেলোয়ার হোসেনও পরে হাইকোর্টে জামিনের আবেদন করলে তাঁদেরও নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।