গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগের নিয়োগ-প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ
গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগে ৬১টি শূন্যপদে লোক নিয়োগের প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ-প্রার্থীদের অনেকেই অভিযোগ করেছেন, নিয়োগ কমিটির কর্মকর্তারা প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে এসব পদে চূড়ান্ত নিয়োগ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন। এ ব্যাপারে পরীক্ষার্থীরা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর ফ্যাক্সের মাধ্যমে লিখিত অভিযোগ করেছেন। মালি পদে আবেদনকারী এক পরীক্ষার্থী বলেন, ‘সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা আমার কাছে এক লাখ টাকা চেয়েছিলেন, কিন্তু দিতে পারিনি। চাকরি হবে কি না জানি না।’ তবে ঘুষ দেওয়ার কথা স্বীকার করে স্টোরকিপার পদে আবেদনকারী এক প্রার্থী জানিয়েছেন, ‘এই পদে নিয়োগ পেতে তিনি সিভিল সার্জন কার্যালয়ের কর্মীকে দুই লাখ টাকা ঘুষ দিয়েছেন।’গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬১টি শূন্যপদের বিপরীতে দুই হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে। ভুলত্রুটির কারণে ৯৪৭টি আবেদন বাতিল করা হয়। গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার ৭৮২ জন প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। ২৪ সেপ্টেম্বর গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে স্টোরকিপার, অফিস সহকারী, পরিসংখ্যানবিদ, জুনিয়র মেকানিক, ড্রাইভার, পিয়ন ও নিরাপত্তা প্রহরী পদে লিখিত পরীক্ষা হয়। গতকাল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের মৌখিক পরীক্ষা হয়। এ ছাড়া সুইপার, মালি, আয়া, ওয়ার্ডবয়, নিরাপত্তা প্রহরী পদে মৌখিক পরীক্ষা ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর শেষ হয়। এসব পদে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ করা হয়েছে প্রার্থীদের পক্ষ থেকে। স্টোরকিপার পদে পরীক্ষায় অংশ নেওয়া গাইবান্ধা সদর উপজেলার দুলালেরভিটা গ্রামের সোহেল রানা অভিযোগ করেন, ‘প্রবেশপত্রে উল্লিখিত সময় অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই তিন দফা সময় পিছিয়ে বেলা সাড়ে ১১টায় পরীক্ষা শুরু করে। এই ফাঁকে ঘুষদাতা প্রার্থীদের দালালের মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সরবরাহ করা হয়। ঘুষদাতা প্রার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করার উদ্দেশে নিয়োগ কমিটির কর্মকর্তারা পরিকল্পিতভাবে এই কৌশল অবলম্বন করেন।’ সদর উপজেলার কড়াইবাড়ী গ্রামের যোবায়ের ইবনে শহীদ বলেন, ‘অনেক আশা নিয়ে অফিস সহকারী পদে পরীক্ষা দিয়েছি। পরীক্ষাও ভালো হয়েছে। তার পরও কোনো আশা নেই। কারণ সব প্রশ্নের উত্তর লিখতে এক ঘণ্টা সময় লেগেছে। অথচ আমার কক্ষেই পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মধ্যে বেশ কিছু পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে হল ত্যাগ করেন। সংক্ষিপ্ত প্রশ্ন ফাঁস করে দেওয়ার কারণেই এমনটা হয়েছে।’আরেক পরীক্ষার্থী সদর উপজেলার পশ্চিম কোমরনই গ্রামের আতাউর রহমান দাবি করেন, ‘পরীক্ষা গ্রহণের পর ওই দিন রাত তিনটায় লিখিত পরীক্ষার ফলাফল টাঙিয়ে দেয় নিয়োগ কমিটি। এই ফলাফলে দেখা যায়, ১৫ মিনিটের মধ্যে যাঁরা পরীক্ষা শেষ করেছেন তাঁরাই উত্তীর্ণ হয়েছেন। তাই এই পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়া না হলে মেধাবী প্রার্থীরা বঞ্চিত হবেন।’সুন্দরগঞ্জ উপজেলার ধুপনিবাজার গ্রামের পরীক্ষার্থী প্রিয়নাথ সরকার বলেন, ‘নিয়োগ কমিটির কর্মকর্তারা মোটা অঙ্কের ঘুষ নিয়ে আগেই ঘুষদাতা প্রার্থীদের কাছে প্রশ্ন পৌঁছে দেন। তাঁদের উত্তীর্ণ করে দিয়ে দ্রুত ফলাফল ঘোষণা করেন। এ ঘটনায় প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’এ ব্যাপারে নিয়োগ কমিটির সদস্য ও সিভিল সার্জন রফিকুল ইসলাম বলেন, ‘দুটি ফটোস্ট্যাট মেশিন বিকল হওয়ায় তাৎক্ষণিক তৈরি করা প্রশ্নপত্র ফটোকপি করতে সময় লেগেছে। তাই পরীক্ষা শুরু করতে দেরি হয়েছে।’ অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।স্বাস্থ্য বিভাগ রংপুর অঞ্চলের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পরীক্ষার্থীদের কাছ থেকে পাওয়া যায়নি। প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন। নিরপেক্ষভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।’গাইবান্ধা নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক জি এম চৌধুরী মিঠু বলেন, ‘নিয়োগ-বাণিজ্যের পেছনে শাসক দলের প্রভাবশালী নেতা-কর্মী ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকার কারণে স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা লোক নিয়োগে অনিয়ম করার সুযোগ পাচ্ছেন।’