গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার গোপীনাথপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিএনপির নেতাসহ তিনজন নিহত ও ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রংপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমদ খান (৪৭), রংপুর শহরের বাবুপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে সেলিনা আফরোজ মুন্নি (২৭) ও রংপুর শহরের মাওলানা আবু সাঈদ (৫৫)। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টিআর ট্রাভেলসের যাত্রীবাহী একটি নৈশকোচ আজ সকাল ছয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই তিনজন মারা যান।আহত ব্যক্তিদের মধ্যে রংপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রথমে রংপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।