গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের সার্কুলার সড়কের গোরস্থান মোড়ে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় স্কুলশিক্ষকসহ ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—পিয়ারাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ভবতোশ চন্দ্র (৪৫), উদাখালী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিন্দ্রনাথ সরকার (৫০), সদর উপজেলার ত্রিমোহিনী গ্রামের রাহেলা বেগম (৩৫) ও মাহাতাব (৪০)। অপর দুজনের এখনো নাম-ঠিকানা পাওয়া যায়নি।আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় একটি ট্রাক শহরের শনিমন্দির রোড থেকে সার্কুলার রোডে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সার্কুলার রোডের গোরস্থান মোড়ে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর আরোহী নিহত হয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় রাস্তা ও ফুটপাতে দাঁড়িয়ে থাকা একটি টেম্পো ও একটি অটোবাইকসহ অন্তত ২০ জনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরও পাঁচজনের মৃত্যু হয়। পরে স্থানীয় জনগণ চালকসহ ট্রাকটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।