গাইবান্ধায় ১৫ পয়েন্টে জুয়ার আসর
গাইবান্ধার সাত উপজেলার ১৫টি পয়েন্টে পুলিশের ছত্রচ্ছায়ায় অবাধে ছয় ঘুঁটির ডাব্বু (জুয়া) খেলা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব পয়েন্টে সাজানো হয়েছে ছোট আকারের প্যান্ডেল। কোথাও জেনারেটর, কোথাও হ্যাজাক জ্বালিয়ে খেলা চালানো হচ্ছে। ঢোল বাজিয়ে প্রচারণা চালানো হচ্ছে হাট-বাজারে। ফলে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষসহ যুবকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, দুই সপ্তাহ ধরে সন্ধ্যা না হতেই প্যান্ডেলের ভেতর খেলা শুরু হয়। ঝাণ্ডা, মুণ্ড, হরতন, রুইতন, চিড়েতন ও ইশকাপন প্রতীক নাম ব্যবহার করে খেলা চালানো হয়। প্রতিটি প্রতীকের বিপরীতে ১০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খেলা চলে। স্থানীয়ভাবে এগুলো ছয় ঘুঁটির ডাব্বু খেলা নামে পরিচিত। এভাবে জেলার ১৫টি পয়েন্টে জুয়া খেলা চলছে। এগুলো হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার কাউন্সিল বাজার, গড়দিঘি, গোপালপুর, সাঘাটা উপজেলার উল্লাবাজার, ফুলছড়ি উপজেলার কেতকিরহাট, সাঘাটা উপজেলার বাংলাবাজার, পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা, কোমরপুর, আমলাগাছি, সাদুল্যাপুর উপজেলার শ্মশানঘাট, শ্রীরামপুর, সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ, বেলকা, নয়ারহাট ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া। ফুলছড়ি বাজারের স্কুলশিক্ষক বাবলু মিয়া বলেন, ‘রাতে ছয় ঘুঁটি ডাব্বু খেলার কথা এলাকার সবাই জানে। কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ফলে পুলিশ প্রশাসনের সামনে খেলা চললেও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসব এলাকায় যাঁদের নেতৃত্বে জুয়া খেলা চলছে, তাঁদের মধ্যে আবদুল কুদ্দুস, সাদা মিয়া, হেলা মিয়া, আবদুর রহমান, আনারুল পাগলা, নিলাম মিয়া, নুরু মিয়া, মিন্টু মিয়া, আবদুর রাজ্জাক, মহির উদ্দিন, আবদুল ওয়াহেদ, জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, গোলজার রহমান, নুরুল ইসলাম, মতিয়ার রহমান, রেজাউল করিম, মকবুল হোসেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকায় তাঁরা পরিচিত জুয়াড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন জুয়াড়ি বলেন, প্রতিবছর শীতের সময় ডাব্বু খেলার আয়োজন করা হয়। এবার মৌখিকভাবে পুলিশের অনুমতি নিয়ে খেলা চালাচ্ছি। পুলিশদের দৈনিক বখরা দিয়ে খেলা চালাতে হচ্ছে। এমন কী পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে বিভিন্ন মহলে ভাগ করে দিতে হয়। তাঁরা অভিযোগ করেন, ডিবি পুলিশের লোকজন প্রতিদিন জুয়ার আসর থেকে হাজার হাজার বখরা তুলছেন। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাসান বলেন, আমার ইউনিয়নে গড়দিঘি ও গোপালপুর গ্রামে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে। ফলে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। খেলায় হেরে অনেকে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।