গাওছা লতার সবুজ ফুল
সেবার বান্দরবানের পাহাড়ে কেটেছে বসন্তের কটা দিন। চারপাশের পাহাড় থেকে ভেসে আসছে বনফুলের সৌরভ। আমি ছুটছি সেসব ফুলের খোঁজে। অনেক প্রজাতির ফুলেরই দেখা মিলল। অনেক লতা, অর্কিড, যেগুলো আমাদের সমতলের নয়।অনেক ফুলের মধ্যে গাওছা লতার (Calycopteris floribunda) ফুলের সৌরভ আমাকে মোহিত করল। কোনো দিন ভোলার মতো নয়। রবীন্দ্রকাব্যে অনেক ফুলের কথা আছে। তবে গাওছা লতার সন্ধান সেখানে পাইনি। রবীন্দ্রনাথ যদি এ ফুলটি দেখতেন, তাহলে অনন্য কোনো বর্ণনা পাওয়া যেত তাঁর কাছ থেকে। এ ফুলের সৌরভ বহু দূর পর্যন্ত ছড়ায়। এ কারণে মৌমাছি, প্রজাপতি ও ভোমরার আনাগোনা থাকে সারাটা সূর্যবেলা। লতাপাতাহীন প্রায়, তবে লতায় জড়ানো গুচ্ছ গুচ্ছ সবুজ রঙের ফুল। এ লতার আরও কটি নাম আছে। ফুলঝুরি লতা, কোকরি—এমন দুটি নাম। স্থানীয় ব্যক্তিরা এ লতার রস পান করে। বলে, শুধু তৃষ্ণা নিবারণের জন্য। আসলে কি তাই!৫-১০ মিটার লম্বা লতা ছড়িয়ে পড়ে পাহাড়ের গায়ে। পাহাড়ের মাটির ক্ষয় রোধ করে এরা। লতার বর্ণ ধূসর বাদামি। নিচের দিকে ছড়িয়ে পড়ে লতার আগা। ফুলে পাপড়ি নেই। বসন্তে আসে ফুল ফোটার দিন।আমাদের দেশে প্রাকৃতিক বনের বিনাশ হয়, কিন্তু প্রাকৃতিক বনের পুনর্জন্ম হয় না। এর বদলে জন্ম নেয় মনোকালচার, বিদেশি বৃক্ষ, বাণিজ্যিক বৃক্ষ! বনতলের লতাগুল্ম হারিয়ে যায়। পাহাড়ে চোখ বাড়ালেই এখন চা, রাবারের পাশাপাশি আনারস, লেবু, সেগুনের মনোকালচার চোখে পড়ে। প্রকৃতিকে আমরা পাল্টে দিচ্ছি। প্রকৃতিও আমাদের নিয়মভাঙার সাজা দিতে শুরু করেছে।