গাছ কাটা নিষিদ্ধ করে আইন করার চিন্তা করা হচ্ছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, গাছ কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। এ জন্য সরকার গাছ কাটা নিষিদ্ধ করে আইন করার চিন্তা-ভাবনা করছে।আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জলবায়ু পরিবর্তনবিষয়ক দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) অবস্থানপত্র প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন। ডিএসকের সভাপতি এ বি এম আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান, ডিসিএর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি নিনা ইলোনা এলিংগার, এটিএন নিউজের সম্পাদক প্রণব সাহা, সিডিএমপির পরিবীক্ষণ ও মূল্যায়ন বিশেষজ্ঞ শান্তনা হালদার, বাপার সাধারণ সম্পাদক এম এ মতিন বক্তব্য দেন। জলবায়ু পরবর্তনবিষয়ক অবস্থানপত্র তুলে ধরেন এ কে এম মামুনুর রশীদ।আইনমন্ত্রী বলেন, মানুষের কারণেই প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। কাজেই মানুষকেই প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। উন্নত বিশ্বের অধিকতর কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের মতো সমুদ্র উপকূলবর্তী দেশগুলোর পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে।—বাসস