গাছ চুরির হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ও জয়পুরহাটের ক্ষেতলালে রাস্তার ধারে লাগানো সরকারি গাছগুলো চুরি হয়ে যাচ্ছে। প্রশাসনে প্রয়োজনীয় লোকবল না থাকায় এ চুরি রোধে কর্তৃপক্ষ তেমন কিছু করতে পারছে না। আমাদের শেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মাইলকে মাইল চলে যাওয়া আঁকাবাঁকা গ্রামীণ পথের দুই ধারে সরকারি উদ্যোগে লাগানো হয়েছে নানা ধরনের গাছ। গাছগুলো বড়ও হয়েছে। কিন্তু চুরি থেকে রক্ষা করা যাচ্ছে না। প্রতি মাসেই সংঘবদ্ধ চোরেরা কেটে নিচ্ছে একাধিক গাছ। স্মৃতিচিহ্ন হয়ে পড়ে থাকছে গাছের গোড়া শুধু। উপজেলার সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত উপজেলার ৭৭টি সড়কের দুই পাশ দিয়ে ১৬৯ কিলোমিটার বনায়ন করা হয়। লাগানো হয় আকাশমণি, শিশু, জাম, রেন্টকুড়ি, মেহগনি, অর্জুনসহ বিভিন্ন ধরনের এক লাখ ৬৯ হাজার গাছের চারা। এর ৯০ শতাংশ গাছই এখন বিক্রির উপযোগী। সূত্র আরও জানায়, বনায়ন করা সড়কের প্রতি কিলোমিটারে রয়েছে পাঁচজন করে উপকারভোগী সদস্য। তবু মাঝেমধ্যেই শোনা যায় গাছ চুরির ঘটনা।উপজেলার ভবানীপুর বাজারে নিয়মিত যাতায়াতকারী আরিফুর রহমান বলেন, ‘এক মাস আগে বিকালবেলাত বাড়ি যাওনের সময় রাস্তার ধারে একটা মোটা মেহগনি গাছ দিখ্যা গেলাম। পরদিন সকালবেলাত আবার বাজার যাওনের সময় দেখি গাছটা নাই। রাতারাতি গাছটা হারায় গেল।’ রানীরহাট এলাকার মো. নাজিম জানায়, কিছু মাদকসেবী আছে যারা মাঝেমধ্যে সড়কের গাছ কেটে নেয়। উপকারভোগীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, শুধু মাদকসেবীরাই গাছ চুরি করে না। এর সঙ্গে অন্য চক্রও জড়িত। এলাকায় তাদের ক্ষমতাও বেশি। উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে কুসুম্বীর শাহ আলম এবং বিশালপুরের এস এম রাফিউল ইসলাম জানান, গাছ চুরি হলে অনেকেই মাদকসেবীদের সন্দেহ করে। কিন্তু প্রকৃতপক্ষে কারা এ ঘটনায় জড়িত তার সঠিক তদন্ত প্রয়োজন। উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণকেন্দ্রের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন জানান, জনবল কম থাকায় এবং চুরির স্থলে দ্রুত পৌঁছাতে না পারায় চুরি বাড়ছে। পাশাপাশি এই চুরির ঘটনা নিয়ে থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও কোনো অগ্রগতি হয় না। ফলে গাছ চুরির সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করা সম্ভব হয় না। তবে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় করাতকল মালিকেরা সচেতন হলে কিছুটা চুরি রোধ করা সম্ভব। তিনি আরও জানান, উপজেলার উল্লিখিত সড়কে তিনি সরেজমিনে ঘুরে দেখেছেন, গাছগুলো কাটা হয়েছে করাত দিয়ে। চুরি যাওয়া মোট গাছের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান নেই তাঁর কার্যালয়ে। একই কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাহবুবুল আলম জানান, গাছ চুরির অভিযোগ অস্বীকারের সুযোগ নেই। গত দুই বছরে কত গাছ চুরি হয়েছে এবং তার মূল্য কত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন পরিসংখ্যান তাঁরা করেননি। তবে এবার তা তৈরি করতে উদ্যোগী হবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, থানায় যেসব গাছ চুরির অভিযোগ এসেছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের অগ্রগতি নেই বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে যা বলা হচ্ছে তা সত্য নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জানান, সরকারি গাছ চুরির বিষয়টি তাকে জানানো হয়নি। এদিকে আমাদের ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাট থেকে ক্ষেতলাল হয়ে বগুড়া যাওয়ার রাস্তার প্রাচীন আমগাছগুলো একের পর এক কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি মূল্যবান গাছ চুরি হলেও কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এ প্রবণতা বাড়ছে। এরপর আরও সাত-আটটি গাছের মোটা ডাল কেটে নেওয়ায় গাছগুলো মারা গেছে। পরে শুকিয়ে যাওয়ায় সেগুলোও পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হয়।এলাকাবাসী জানায়, ক্ষেতলালের কাজিপাড়া থেকে চকলয়াপাড়া পর্যন্ত সড়কের দুই পাশের আমগাছগুলোর বয়স প্রায় ৫০ বছরেরও বেশি। একেকটি গাছের মূল্যও ১৫ থেকে ২০ হাজার টাকা। কাজিপাড়া গ্রামের সচেতন মানুষ রিয়াজুল কবির অরূপ বলেন, কাজিপাড়া থেকে সড়কের পূর্ব দিকে দুই কিলোমিটার পর্যন্ত প্রাচীন আমগাছ ছিল ৫০ থেকে ৬০টি। কিন্তু চুরি যাওয়ায় এখন ৩০টি গাছও আছে কি না সন্দেহ। সড়কের পাশের গাদুকা গ্রামের শিক্ষক আশরাফ আলী বলেন, এ সড়কে গাছের মোটা ডাল কাটার বিষয়টি ওপেন সিক্রেট। যেভাবে গাছগুলোর ডাল কাটা হয় তাতে মনে হয় না সরকারি এ সম্পদ রক্ষণাবেক্ষণে কোনো কর্তৃপক্ষ আছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই পাশে পাঁচ থেকে ছয়টি আমগাছ মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। এ গাছগুলোর ডালপালা কেটে নেওয়া হয়েছে। নাম না বলার শর্তে একজন প্রত্যক্ষদর্শী চুরি যাওয়া গাছের গোড়া দেখিয়ে বলেন, প্রকাণ্ড একটি মরা গাছের গোড়া আগলা করে মাত্র কয়েক দিন আগে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সড়কের দুই পাশে যেসব আমগাছ আছে, সেগুলোরও ডালপালা কেটে ফেলা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে একদিকে যেমন সড়কটি বৃক্ষশূন্য হয়ে পড়বে অন্যদিকে সরকারও বঞ্চিত হবে রাজস্ব থেকে।জেলা পরিষদের প্রধান নির্বাহী মতিয়র রহমান বলেন, সড়কের গাছ চুরির বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।