গাছ থেকেই মাটি ও পানির দূষণ নির্ণয়ের কায়দা
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এমন একটি উপায় বের করেছেন, যাতে মাটিতে তেজস্ক্রিয়তা বা এ ধরনের দূষণ নির্ণয়ের জন্য এক কোদাল মাটিও সরাতে হবে না। জলাশয়ের ক্ষেত্রে ছুঁয়ে দেখতে হবে না পানিও। প্রচলিত পদ্ধতির চেয়ে তুলনামূলকভাবে খরচ ও সময় দুটোই কম ব্যয় হবে।যুক্তরাষ্ট্রের মিসৌরি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ত ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জোয়েল বার্কেন ও তাঁর ছাত্ররা বছর কয়েক আগে দূষণ পরিমাপে ‘ফটোফরেনসিক’ নামের এ পদ্ধতি উদ্ভাবন করেন। এতে গাছের গুঁড়ির আঁশ পরীক্ষা করেই নির্ণয় করা যায় কোনো এলাকার মাটি এবং পানিদূষণের ধরন ও মাত্রা।এ পদ্ধতিতে যে এলাকায় দূষণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, সেখানকার একটি গাছের বাকল খুঁড়ে গুঁড়ি থেকে সামান্য একটু অংশ সংগ্রহ করতে হবে। এরপর গবেষণাগারে তা পরীক্ষা করে দেখলেই দূষণের ধরন ও মাত্রা ধরা পড়বে। রিমেডিয়েশন জার্নাল-এর ২০০৯ সালের শরৎকালীন সংখ্যায় তাঁদের এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। গত কয়েক বছরে বার্কেন ও তাঁর সহযোগীরা পাঁচটি দেশের ৩০টির বেশি স্থানে এভাবে তেজস্ক্রিয়তার উপস্থিতি পরীক্ষা করেছেন। তবে সাম্প্রতিক সময়ে আরও সহজ কায়দা বের করেছেন তাঁরা। এতে গাছের পাতলা একটি ফিলামেন্ট পরীক্ষা করে খুব সূক্ষ্ম মাত্রার রাসায়নিকের উপস্থিতি ধরতে পারেন। এই ফিলামেন্টকে বলা হয় সলিড-ফেজ মাইক্রো-এক্সট্র্যাকশন ফাইবার বা এসপিএমই। এ পদ্ধতিতে পার্ট পার ট্রিলিয়ন বা পার্টস পার কোয়াড্রিলিয়ন পর্যন্ত মাত্রার উপস্থিতি চিহ্নিত করা যায়। এর ফলে পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। একটি গাছ থেকে মাত্র একটি পেনসিলের আকৃতির এক ইঞ্চি লম্বা অংশ নিলেই চলে।প্রচলিত পদ্ধতি অনুযায়ী কোনো এলাকার মাটি বা ভূগর্ভস্থ পানির দূষণ পরিমাপ করতে নলকূপ পুঁতে সেখান থেকে পানি সংগ্রহ করতে হয়।অধ্যাপক বার্কেন বলেন, গাছ সৌরশক্তিচালিত প্রাকৃতিক নলকূপ। গাছ তাঁর প্রয়োজনীয় পানি শেকড়ের মাধ্যমে মাটি থেকেই শোষণ করে। এর সঙ্গে সে মাটি ও ভূগর্ভস্থ পানিতে মিশে থাকা দূষিত উপাদানও শোষণ করে। জাপানে সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে। পানি-মাটি-বায়ু এবং দুধ, শাক-সবজি ও ফলমূলের মতো খাদ্যে তেজস্ক্রিয়তার অনুপ্রবেশ হয়েছে কি না, তা নির্ণয়ে গলদঘর্ম হতে হয়েছে বিজ্ঞানীদের। কারণ এ পরীক্ষা যথেষ্ট সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। মার্কিন বিজ্ঞানীদের এ পরীক্ষা পদ্ধতির ব্যাপক প্রচলন হলে হয়তো এ ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। সায়েন্স ডেইলি।