‘দুটা টেকার জন্য অনেক কষ্ট করে রাস্তার পাশের গাছগুলা লালন-পালন করি। হরতালে হামাগেরে গরিব মানুষের গাছগুলা কাটে যেভাবে চুরি হয়ে যাওছে, তাতে হামাগেরে ভাগ্যে টেকা জুটপে না।’কথাগুলো বলছিলেন কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ফিরোজা বেগম। উপজেলার ভেরেন্ডি গ্রামের বাসিন্দা রাস্তার পাশে বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় লাগানো গাছের উপকারভোগী তিনি। উলিপুর-মাত্রাই রাস্তার বন বিভাগ থেকে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ লালন-পালন ও পাহারা দিয়ে আসছেন তিনি আট বছর ধরে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর জামায়াত-শিবির হরতাল ডাকে। ওই হরতালে জয়পুরহাট জেলার পাঁচবিবি, কালাই ও সদর উপজেলার বিভিন্ন রাস্তায় গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। হরতালের দিন সকালে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি এবং পরবর্তীকালে সেগুলো বিক্রি করে দেওয়ার ঘটনায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত।কালাইয়ের হিমাইল গ্রামের আরজেলা বেগম উপকারভোগীদের ৪০ জনের একটি দলের নেতৃত্ব দেন। কালাইয়ের মাত্রাই ইউনিয়নের ভেরেন্ডি, বিরালা, শিবসমুদ্র, বলি শিবসমুদ্র গ্রামের রাস্তার পাশে এই দলটি চার হাজার গাছ লাগিয়েছিল। এর মধ্যে ২২টি গাছ কেটে ফেলা হয়েছে। চুক্তি অনুযায়ী ১৫ বছর ও ১০ বছর ওই গাছগুলো দেখাশোনা করতে হবে। এরপর গাছ বিক্রি করে উপকারভোগী পাবেন ৫৫ শতাংশ টাকা।গাছ চুরির ঘটনায় জয়পুরহাটের বন বিভাগ পাঁচবিবি ও সদর থানায় দুটি মামলা এবং কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ওই সব মামলায় সাড়ে চার লাখ টাকার দুই শতাধিক গাছ চুরি হয়ে গেছে বলে উল্লেখ করা হয়।জেলা বন বিভাগের জয়পুরহাট ও পাঁচবিবির দায়িত্বপ্রাপ্ত সামাজিক বনায়ন ও বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম জানান, পাঁচবিবি উপজেলার কুসুম্বা, মোহাম্মদপুর, আয়মা রসুলপুর ও বাগজানা ইউনিয়নের বন বিভাগে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ দুর্বৃত্তরা হরতালের দিনে কেটে ফেলে এবং হরতাল শেষে নিয়ে যায়। পাঁচবিবি উপজেলায় ১৩৮টি ইউক্যালিপটাস, রেইনট্রি ও শিশুগাছের মূল্য তিন লাখ ২০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়। জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর থেকে ত্রিমোহনী পাইকড়, রাংতা এবং খঞ্জনপুর থেকে নূরপুর ও হিচমী থেকে গুয়াবাড়ী রাস্তায় ২৮টি গাছ হরতালে কাটা পড়ে। ওই গাছগুলোর মূল্য ৯০ হাজার টাকা। কালাই উপজেলার ওলিপুর থেকে মাত্রায় রাস্তায় ২২টি গাছ হরতালে কাটা পড়ে। এর মধ্যে দুটি গাছ কালাই বন বিভাগ উদ্ধার করলেও অন্য ২০টি আগেই লুট হয়ে যায়। ওই সব গাছের মূল্য ৩০ হাজার টাকা বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, হরতালের সময় জামায়াত-শিবির রাস্তার গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলাচল করতে না পারে। আবার রাতের বেলায় ওই গাছ নিয়ে যায় তারা।তবে জেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম জানান, জামায়াত গাছ কাটা বা লুটের সঙ্গে জড়িত নয়। তাঁর দাবি, হরতালের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গাছ কেটে চুরি করে নিয়ে গেছে।পাঁচবিবি বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম বন বিভাগের গাছ চুরির ঘটনায় ২৮ জনকে আসামি ও অজ্ঞাত কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছেন। পাঁচবিবি থানার ওসি আহসানুল হক জানান, এই ২৮ জনের প্রায় সবাই কুসুম্বা ইউনিয়নের জামায়াত-শিবিরের নেতা-কর্মী।কত গাছ কাটা পড়ল, তার হিসাব করতে জয়পুরহাট জেলা পরিষদ কাজ করছে। এ বিষয়ে পরিষদের সার্ভেয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।