গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের নন্দিপুর ডিএস দাখিল মাদ্রাসার ৭৪টি গাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিক্রি করা গাছগুলোর মধ্যে রয়েছে ৬৯টি আকাশ মণি, দুটি শিশু ও তিনটি বেলজিয়াম। গত ২৭ সেপ্টেম্বর থেকে গাছগুলো কাটা শুরু করে ক্রেতা। বাজার মূল্যের অর্ধেক দামে গাছগুলো বিক্রি করার অভিযোগ এনে এলাকাবাসী গত ২২ সেপ্টেম্বর বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। নন্দিপুর ও সাতকুড়ি গ্রামের দুই শতাধিক মানুষ-স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা গেছে, নন্দিপুর ডিএস দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি ও গাছ বিক্রি কমিটির আহ্বায়ক আবুল কাশেম মাস্টারসহ কতিপয় সদস্য এবং মাদ্রাসার সচিব, সুপারিনটেনডেন্ট আফজাল হোসেন স্থানীয় খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডলের ছেলে রকিবুল ইসলামকে বাজারদরের অর্ধের দামে গাছগুলো দিয়ে দেন। অভিযোগে বলা হয়, বর্তমান বাজার মূল্যে এই গাছগুলো তিন লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হতো। কিন্তু কোনো প্রকার বিজ্ঞপ্তি বা প্রচার-প্রচারণা ছাড়াই গাছগুলো বিক্রি করা হয়। তাঁরা আরও জানান, এর আগে এলাকার লোকজন গাছগুলো চার লাখ টাকা পর্যন্ত দাম করেছিল। ডাকে অংশগ্রহণকারী মো. ছদরুল ইসলাম ডাকে অনিয়মের কথা স্বীকার করে বলেন, হাকিমপুর বন কর্মকর্তা আহসান হাবিব টাকার বিনিময়ে গাছগুলোর দাম কম দেখিয়েছেন। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য আবুল কালাম জানান, কম দামে গাছগুলো বিক্রি না করার জন্য মাদ্রাসার সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য সদস্যদের কাছে আবেদন করা হয়েছিল; কিন্তু কে কার কথা শোনে। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আফজাল হোসেন গত ২৮ সেপ্টেম্বর বলেন, গাছের ডাকে যথাযথ নিয়ম মানা হয়েছে। বাজার মূল্যের চেয়ে কম দামে গাছ বিক্রি করার জবাবে তিনি বলেন, হাকিমপুর বন কর্মকর্তার নির্ধারণ করে দেওয়া দামে গাছগুলো বিক্রি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মণ্ডল বলেন, ‘মাদ্রাসার গাছ বিক্রিতে আমি কোনো প্রভাব বিস্তার করিনি।’হাকিমপুর বন কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘আমি সরেজমিন গাছগুলো দেখে দাম নির্ধারণ করেছি। আমার কাছে এই গাছগুলোর দাম এক লাখ ৮৫ হাজার ৭৩০ টাকা মনে হয়েছে।’ ডাককারী রকিবুল বলেন, ‘আমি নিয়ম মেনেই গাছগুলো কিনেছি। লাভের জন্য গাছ কিনেছি। বেশি দাম পেলে সেগুলো বিক্রি করব, এটাই স্বাভাবিক।’