গাছখাটাশের জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব-কৈশোরের নিত্য নিশিকুটুম সেই প্রাণীটি আজও টিকে আছে আমার গ্রামে। এখন নিত্য না এলেও প্রায় রাতেই এর আগমন ঘটে বাড়ির সফেদা-পেয়ারা-বরই-কলা বা জাম-জামরুল ও আমগাছে। ওর নাম গাছখাটাশ।এই মে মাসেও আমার গ্রামের ১০টি জায়গায় ওরা ছানা তুলেছে। গত ২২ মে রাতে তালগাছের মাথা থেকে তিনটি ছানার একটি পড়ে যায় নিচে। সারা দিন ওটিকে যত্ন করে আগলে রাখে গ্রামের শিপলু খান ও ফয়সাল খান, সন্ধ্যায় রেখে দেয় তালগাছটার গোড়ায়। মা প্রাণীটি ঠিক বিড়ালের মতো ছানাটির ঘাড় কামড়ে ধরে উঠে যায় গাছের মাথায়। এই যে ছানা পড়ে যাওয়া, এটি ক্বচিৎ ঘটে। ওদিনের সকালের ঝড়-বৃষ্টির জন্যই ছানাটি পড়ে গিয়েছিল। তবে ছানাটির কোনোই ক্ষতি হয়নি।গাছখাটাশ প্রায় ৫০ ফুট উঁচু থেকে লাফিয়ে মাটিতে পড়েও মুহূর্তেই দৌড় শুরু করতে পারে। নিশাচর প্রাণীটি ৫০ ফুট উঁচুতে লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে যেতে পারে অনায়াসে, দূরত্ব ১৪-১৫ ফুট পর্যন্ত হতে পারে। এই প্রাণীটি না দেখেও তার আগমন বার্তা পাওয়া যায় পচা আতপ চালের মতো ঘ্রাণে এবং এ গাছ থেকে ও গাছে লাফিয়ে চলার ঝপঝপ শব্দে। ওরা হেঁটে যায় টিন-টালির চালার ওপর দিয়ে। ওরা উঁচু নারকেল-তালগাছের মাথা থেকে লাফ দিয়ে পড়ে অনেক নিচের সফেদা-পেয়ারা গাছে। পাশাপাশি অনেকগুলো তাল বা নারকেল গাছ থাকলে ওরা নারকেল-তালপাতার ডগা-পাতাকে সাঁকো হিসেবে ব্যবহার করে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে বহু দূর চলে যেতে পারে। বন-বাগানের ডালপালার ওপর দিয়ে দ্রুত দৌড়ে ও লাফে বাগানের পর বাগান পেরিয়ে যেতে পারে। প্রাণীটি বৃক্ষবাসী, সারা দিন তাল-নারকেল-সুপারিগাছের মাথায় বা মোটা কোনো গাছের ডালে ও কোটরে খোঁড়লে ঘুমিয়ে ঝিমিয়ে কাটায়। বাঁশবন, বিশেষ করে কাত হয়ে থাকা যায় এমন বাঁশ খুবই পছন্দ এদের।গাছখাটাশ বাচ্চাও দেয় গাছের কোটরে, খোঁড়লে, তালগাছের মাথায় বা পরিত্যক্ত ঘরের মাচানে। প্রয়োজনে ছানাদের স্থানান্তরও করে বিড়ালের কৌশলে। এদের পিচ্চি ছানাদের কান্না অনেকটাই চার-পাঁচ দিন বয়সী মানবশিশুর কান্নার মতো। প্রাণীটি রাতে টহল দেয় তার রাজত্বজুড়ে। খাদ্যের সন্ধানে প্রয়োজনে মানুষের ঘরেও ঢুকে পড়ে। এদের খাদ্য তালিকা বিশাল। নানা রকম ফল, পাখি, পাখির ডিম-ছানা, তাল-খেজুরের রস, তক্ষক, কাঠবিড়ালি, গেছো ইঁদুরসহ পোষা কবুতর ও হাঁস-মুরগির ছানাও আছে এই তালিকায়। কোনো গাছে কাঁঠাল, কলা বা পেঁপে পাকিপাকি হলে খবর এরাই আগে পায়।তালের রসের পাগল এরা। তালের তাড়ি খেয়ে মাতাল হতে আমি বেশ কবার দেখেছি। তখন ওদের হুঁশ-জ্ঞান থাকে না। হাঁটে টলমল পায়ে, পড়ে যায় গাছ থেকে। তালের তাড়ি প্রিয়, প্রিয় তালগাছও, তাই ইংরেজিতে এদের নাম Common palm civet। বৈজ্ঞানিক নাম Paradoxurus Hermaphroditus। নিরীহ উপকারী লম্ফবিদ-দৌড়বিদ ছাইকালো ধূসর রঙের এই প্রাণীটি বাগেরহাটের ফকিরহাটে নাম ‘সারেল’। শরীরের মাপ ৬৫ সেন্টিমিটার, লেজও তা-ই। ওজন চার-পাঁচ কেজি। ছয়-সাত বছর বয়সে ওজন সবচেয়ে বেশি থাকে। এদের পশ্চাদ্দেশে একটি দুর্গন্ধি গ্রন্থি আছে, প্রয়োজনে ওই গ্রন্থি থেকে দুর্গন্ধি তরল নিঃসরণ করে।বছরে ওরা ছানা দেয় দু-তিনবার। প্রতিবারই দু-তিনটি করে ছানা হয়। ছানাদের শারীরবৃত্তে রেখে গাছের মাথা বা ডালে শুয়ে থাকলেও ছানারা ওই শারীরবৃত্তের বাইরে যাবে না। লম্বা-লোমশ লেজ আর শরীর দিয়ে শারীরবৃত্ত তৈরি করে মা। ১৯৭৩ সাল পর্যন্ত দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে এদের সংখ্যা যথেষ্টই ছিল। এই ২০১১ সালে তা কমে গেছে অনেক। খাদ্যাভাব, ছানা তোলার জায়গার অভাব, আবাসনসংকটই এর মূল কারণ।