শৈশব-কৈশোর ও তারুণ্যে ওরা ছিল আমার নিত্য প্রতিবেশী। দিনে থাকত বাড়ির চারপাশের বন-বাগানের উঁচু কোনো গাছের ডালে ঘুমিয়ে, রাতে দাপিয়ে কাঁপিয়ে আসত উঠোন-বাড়ি জোড়া সফেদা, পেয়ারা, জাম, জামরুল, কলা গাছগুলোতে। এগুলো ওদের অতি প্রিয় ফল। দল বেঁধেও তাই আসত কখনো কখনো। টর্চের আলোয় চোখ জ্বলত ওদের হীরকখণ্ডের মতো। গাছ থেকে গাছে লাফ দিয়ে আর ঘরের চালা-বেড়া ধরে অবাধ যাতায়াত ছিল ওদের প্রতি রাতেই। কুকুরেরা চেঁচাত। আমাদের নাকে আসত পচা আতপ চালের গন্ধ।গভীর রাতে ওরা অবশ্যই ঘরে বা ঘরের মাচানে এসে জুটত, যদি কিনা থাকত পাকা কলার কাঁদি বা পাকা কাঁঠাল। পেঁপে আর কাঁঠাল পাকলে খবর ওরাই প্রথমে পেত। খাওয়াও শুরু করত। আতাফল খেত ওরা পাকার আগেই।আমাদের বাড়িতে ছিল পাঁচটি সফেদাগাছসহ প্রায় সব ধরনের ফলের গাছ। তাই রোজ রাতেই ওরা আসত। টর্চের আলোয় বহুবার দেখেছি ওদের, দেখেছি ছানাদের। মিষ্টি দুষ্টু চেহারার কী সুন্দর ছানা যে! টর্চের আলোয় ওরা ভয় পেত না তেমন।যে প্রাণীটির কথা বলছি সেটি পুরোপুরি নিশাচর। পুরোপুরি বৃক্ষবাসী। তুখোড় লম্ফবিদ—এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে (১৫ ফুট পর্যন্ত) অনায়াসে এবং মাটিতে নেমেও দৌড়াতে পারে দ্রুতবেগে। দিনে ঘুমায় গাছের ডালে, কাত হওয়া বাঁশে বা গাছের কোটরে। প্রয়োজনে তাল-নারকেল-সুপারি গাছের মাথায়—ছানাও তোলে।প্রাণীটির নাম ‘গন্ধগোকুল’, ‘গাছখাটাশ’, ‘ছোট বাগডাশ’ বা ‘তালখাটাশ’। আরও স্থানীয় নাম আছে এদের দেশের বিভিন্ন এলাকায়। বাগেরহাটে নাম ‘সারেল’। শুধু শরীরের মাপ এদের ৬৮-৭০ সেন্টিমিটার। লেজটি শরীরের চেয়ে কিঞ্চিত বড়-৭০-৭২ সেমি। ওজন প্রায় পাঁচ কেজি।এদের ইংরেজি নাম Palm civet, যথার্থ নাম। তালের রস এদের অতি প্রিয় পানীয়। তালের পচা রস বা তাড়ি খেয়ে এদের সদলবলে মাতাল হতেও আমি দেখেছি। খেজুরের রসও খায়। সর্বভুক এরা। ছোট পাখিসহ পাখির ডিম-ছানা, ইঁদুর, ব্যাঙসহ সব ধরনের ফল এরা খায়। দেশি গাব অতি প্রিয়। সফেদা ও গোলাপজামে বেজায় লোভ।বছরে এরা বাচ্চা তোলে কমপক্ষে দুবার। বাচ্চারা যখন লেজও শরীরের সঙ্গে রাখে, তখন অনেক উঁচু গাছ থেকেও বাচ্চারা পড়ে যায় না। অলৌকিক ক্ষমতা আছে ছানাদের। ৬০ ফুট উঁচু থেকে মাটিতে লাফিয়ে পড়লেও এদের হয় না কিছু।গ্রামীণ বনও একসময় ছিল বটে পুরো বাগেরহাট জেলাজুড়ে। ছিল বুনোখরগোশ, চিতাবিড়াল, তিন প্রজাতির খাটাশ, দুই প্রজাতির বেজি, শিয়াল, খেঁকশিয়ালসহ বনবিড়াল ও মেছোবাঘ। ১৯৭০ সাল পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। দুর্গম দুর্ভেদ্য গ্রামীণ বন ও ঝোপঝাড় ছিল জীববৈচিত্র্যে পরিপূর্ণ। এ ছাড়া বাগেরহাট জেলার ইটের পাঁজাগুলো ছিল বন্য জন্তুদের দুর্ভেদ্য দুর্গম দুর্গ।গাছের ফল বা পোশা কবুতর, হাঁস-মুরগির খোপে হানা দেওয়ায় গ্রামের লোকেরা একসময় প্রাণীটিকে পিটিয়ে বা গুলি করে মারত। অনেক সময় গ্রামের কিশোর-যুবকেরা বিনা কারণেও ওদের ধাওয়া দিয়ে উল্লাস করে হত্যা করেছে। আশির দশক থেকে শুরু হলো অতি নির্মম হত্যা। কলা খেয়েছে, কাঁঠালের মুখটা ছিলে দু-চার রোয়া গিলেছে! ঢেলে দাও ফুরাডন বিষ। পরের রাতে ফল খেতে এসে লাশ। সেই লাশ দেখে বিষ প্রয়োগকারীর সে কী উল্লাস! আমার গ্রামে অবশ্য এখন এমন মৃত্যু কমেছে। গুলি করে মারাও। স্থানীয় ওয়াইল্ড লাইফ ক্লাবের অবদান এটা। এই মাস কয়েক আগেও গ্রামের বাড়িতে গিয়ে রাতে ঘরে শুয়ে যখন টের পাই ওদের আনাগোনা—সফেদা গাছে তোলে তোলপাড়, তখন টর্চের আলোয় দেখি ওদের। অবাক না হয়ে পারি না যে, কোন মন্ত্রবলে ওরা টিকে আছে আজও! এত মৃত্যু, এত অত্যাচার—কমেছে বন-বাগান, পড়েছে খাদ্যসংকটে তবুও টিকে আছে! যে প্রাণীটির জন্য আমরা কিছুই করিনি, অকারণে মেরেছি ঝাড়বংশসহ, তবুও টিকে আছে ওরা! এদের অনেক নির্মম মৃত্যুর সাক্ষীও আমি। দেখেছি বহু করুণ দৃশ্য। বহুবার শুনেছি মা-হারা চোখ না ফোটা ছানাদের করুণ কান্না। ছানাদের কান্না প্রায় দু-তিন মাস বয়সী মানবশিশুর কান্নার মতো।বাগেরহাট জেলাজুড়েই আছে ওরা। আমার গ্রামে আমি প্রতিবছরই একটা জরিপ চালাই। ২০১০ সালের এপ্রিলে ছানাসহ মোট ৪৬টি সারেলের সন্ধান পাই।গত এক যুগে বাগেরহাট অঞ্চলে সাঁওতাল শিকারিরা এসে বহু সারেল মেরেছে। সম্প্রতি আমার গ্রামে ঘটেছিল একটি অতি মর্মান্তিক ঘটনা। পুরোনো কবরের ভেতর পাঁচটি ছানা দিয়েছিল একটি সারেল। মা-টিকে মেরে ফেলে একজন শ্রমিক। পরে আবিষ্কৃত হয় ছানা পাঁচটি। বহু মানুষের সামনে মৃত মায়ের দুধ পান করছিল চোখ না-ফোটা অবুঝ পাঁচটি ছানা (এই লেখাটির সঙ্গে সেই ছবিটিই ছাপা হলো)।১৯৬০ থেকে ২০১০ সাল। অর্ধশতাব্দী পরও ফকিরহাট-বাগেরহাটে টিকে আছে প্রাণীটি—শত প্রতিকূলতার মধ্যেও, সে জন্য গর্ব হয় আমার। মন পাথরের মতো ভারী হয়ে যায় তাদের নির্মম হত্যার কথা ভাবলে। কী সুন্দর, অত্যন্ত উপকারী আমাদের জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করা এই প্রাণীটি আজ বড়ই বিপন্ন সারা দেশে।