গাছে ধাক্কা খেয়ে কয়েক টুকরো হয়ে গেল বাস, নিহত ১৭
ফরিদপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। উপজেলার কানাইপুর ইউনিয়নের দিগনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খুলনার পাইকগাছা উপজেলা থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিগনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে কয়েক টুকরো হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী যশোরের কেশবপুর এলাকার আবদুল কুদ্দুস (২৩) প্রথম আলোকে জানান, সুপারভাইজারের সঙ্গে কথা বলতে বলতে চালক দ্রুতবেগে বাসটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার আগে হঠাত্ বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে পড়ায় চালক দ্রুত বাসটি ডান দিকে ঘুরিয়ে দেন। এতে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে।দুর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন বাসের যাত্রী রোবেকা বেগম (২৬) বলেন, ‘যশোরের কেশবপুর উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিলাম পোস্টমাস্টার পদে পরীক্ষা দিতে। আজ (শুক্রবার) পরীক্ষা হওয়ার কথা ছিল। সঙ্গে স্বামী ইদ্রিস আলী সর্দার ছিলেন। দুর্ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলি। পরে দেখি আহত হয়ে হাসপাতালে শুয়ে আছি।’ এ দুর্ঘটনায় তাঁর স্বামী মারা গেছেন। তিনি মাগুড়ডাঙ্গা মাদ্রাসার শিক্ষক। বাসযাত্রী খুলনার কয়রা উপজেলার মরিয়ম (২৩) জানান, বাসটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ৫৬ জন যাত্রী নিয়ে পাইকগাছা থেকে ছেড়ে আসে। দুর্ঘটনার আগে বাসে ৭৩ জন যাত্রী ছিলেন। বাসে বিভিন্ন স্থান থেকে বাড়তি যাত্রীও ওঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুর সদর কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহসান চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনটি গাড়িতে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স মো. আলী হোসেন জানান, দুর্ঘটনাস্থলেই ১৪ জন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা আক্তার হাসপাতালে আহত লোকজনকে দেখতে যান। ফরিদপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি চার হাজার টাকা এবং আহত ব্যক্তিদের এক হাজার টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব আলী, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রশিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর হোসেন ও পাইকগাছা পৌরসভার মেয়র শেখ কামরুল হাসান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সাংসদ সোহরাব আলী তাত্ক্ষণিক আহত ব্যক্তিদের খাবারের জন্য মোট পাঁচ হাজার টাকা দেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, সাতজনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১০ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর হোসেনের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের পরিচয়সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে। তাঁরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দি গ্রামের মামুন (২২), খুলনার কয়রার বিপুল বিশ্বাস (৩৫), মাগুরার মহম্মদপুরের সলেমান শেখ (৪৫), যশোরের কেশবপুরের ইদ্রিস আলী সর্দার (৪২), ফাতেমা বিবি (৪০), মরিয়ম (১২), রূপালী (২৭), খুলনার পাইকগাছার সাজ্জাদ জোয়ার্দ্দার (৭০), মানিকগঞ্জের চরবিষ্ণুপুর গ্রামের ইশার আলী (৩৫) ও বাসের সুপারভাইজার খুলনার ডুমুরিয়ার মো. জামিল (৩০)। হাসপাতালে চিকিত্সাধীন আহত যাত্রীদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন জুয়েল (১৯), কোহিনূর (২০), তুহিন (২৬), আবদুর রশিদ (৪৫), গোলাম মোস্তফা (২৫), সামিয়া (২২) ও বাতেন (২৮)।