গাছে-মানুষে একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেন গাছে আর মানুষে একাকার হওয়ার এক মিলনমেলা বসেছিল। পছন্দের গাছের চারার সন্ধান করতে গাছের সঙ্গে মানুষেরও ছিল একাকার হয়ে যাওয়ার মতো অবস্থা। বিভিন্ন জাতের গাছের চারা দিয়ে সাজানো চত্বরে যার যার পছন্দের গাছ খোঁজা এবং সংগ্রহ করে ফেরার পালায় পুরোটা বিকেলজুড়ে ছিল অন্য রকম এক মুখরতা।১০ অক্টোবর এভাবেই সিলেটের ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের কাছে সাত হাজার গাছের চারা বিতরণ করে বন বিভাগ। অনাড়ম্বর এ আয়োজনে অন্য রকম হয়ে উঠেছিল সিলেট নগরের শেখঘাট এলাকার বন বিভাগের চত্বর।শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণের ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া মোকাবিলায় দেশজুড়ে ব্যাপক বনায়ন সৃষ্টিতে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বনায়ন সৃষ্টির ব্যাপারে শিক্ষক পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হলে সহজে তা ছড়িয়ে পড়বে। এই উদ্দেশ্য থেকে সিলেট সদর উপজেলার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিতে ৩০টি করে গাছের চারা সরবরাহ করা হয় সিলেট বন বিভাগের সৌজন্যে বিনা মূল্যে।শিক্ষকদের গাছের চারা বেছে বেছে সংগ্রহের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহমদ বক্তৃতায় জলবায়ু পরিবর্তনে বিরূপ পরিস্থিতি মোকাবিলায় সবার আগে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান।