‘এটা কী গাছ? ফুলগুলো অন্য রকম।’ গাছের নিচে ঝরে পড়া ফুল কুড়াতে কুড়াতে বলছিলেন এক দর্শনার্থী। এই কথা শুনে আমি গাছটার দিকে তাকালাম। অবশ্য যখন থেকে বলধা বাগানে আসা শুরু করেছি, তখন থেকেই গাছটিকে দেখি।বলধা বাগানের সিবিলি ভাগে ঢোকার পর ডান দিকে একটি রাজ অশোকগাছ চোখে পড়ে। এর নিচে দাঁড়িয়ে আছে গাছটি। ছায়া এদের খুব পছন্দ বলেই এ রকম কিনা কে জানে। ঢাকার আর কোথাও এই গাছ দেখিনি।বলধা বাগান এমন কিছু দুর্লভ গাছ দিয়েই সাজানো। জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক জায়েদ হোসেন ভুঁইয়া একদিন গাছটির ফুল দেখে আমাকে ফোন করেন। তখন গাছটি সম্পর্কে কিছুই জানতাম না। তাঁর ফোন পেয়ে আমার কৌতূহল বেড়ে গেল। আমি গাছটির খোঁজখবর নিতে শুরু করি। বলধা বাগানের মালী দুলালকে বিষয়টা জানিয়ে রেখেছিলাম। তিনি একদিন ফোন করে আমাকে জানালেন, উদ্ভিদ বিজ্ঞানী সামসুল হক সাহেব এই গাছের নাম জানেন। সামসুল হক একসময় জাতীয় উদ্ভিদ উদ্যানে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে গাছটির অবস্থান ও ফুল সম্পর্কে বিস্তারিত বলি। তিনিই আমাকে গাছটির নাম-পরিচয় জানান।গাছটির নাম রানিমুকুট। এর উদ্ভিদ বিজ্ঞানীয় নাম Napoleona imperialis। Lecythidaceae পরিবারের সদস্য। ড. তপন দের বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া গ্রন্থে ফুলটি সম্পর্কে এই তথ্য আছে। ফুলটির আকৃতির সঙ্গে বাংলা নামের মিল রয়েছে। দেখতে মুকুটেরই মতো। একই কারণে বোধ হয় এর ইংরেজি নাম Napoleons Hat।রানিমুকুটের আদি নিবাস আফ্রিকা। ছোট্ট আকৃতির গাছ, উচ্চতা ১০ মিটারের মতো। এর উজ্জ্বল সবুজ পাতার অগ্রভাগ সুচালো। ফুলের রঙে খয়েরি ও ঘি রঙের সংমিশ্রণ আছে। ফুলের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এর গন্ধেও আমরা মন ভরাতে চাই। অথচ কেউ একবার রানিমুকুট ফুল নাকের কাছে নিলে দ্বিতীয়বার আর সে কাজটি করতে চান না। ফুলশেষে গাছে ফল আসে। গোলাকার ফলের রং মেটে।রানিমুকুটে ফুল ফোটা শুরু হয় বসন্তের শেষ দিকে। এর মুকুটের সৌন্দর্যে মন ভরাতে চাইলে আপনাকে বলধা বাগানে যেতেই হবে! তবে গ্রীষ্মকাল চলে গেলে এর দেখা নাও মিলতে পারে।