গাছের গায়ে কালির দাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানের লতা জড়িয়ে থাকা গাছটির গায়ে খানিকটা ছাল তুলে সেখানে কালি দিয়ে লেখা ‘সি-৭১’। গাছের গায়ে এমন দাগ দেখলেই বুক কেঁপে ওঠে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আসলমপুঞ্জি ও কাইলিনপুঞ্জি খাসিয়াপল্লির বাসিন্দাদের। কেননা, গাছের গায়ে এমন চিহ্নের মানে, যেকোনো সময় কেটে ফেলা হতে পারে গাছটি।অথচ এসব গাছকে অবলম্বন করেই বেঁচে আছে খাসিয়ারা। এসব গাছেই তারা চাষ করে পান, যাকে বলা হয় পানজুম। এসব গাছ কাটা মানে তাদের জীবন-জীবিকায় কুঠার মারা।আদিবাসী খাসিয়ারা জানান, আসলমপুঞ্জি ও কাইলিনপুঞ্জির শতাধিক গাছ নতুন করে চিহ্নিত করা হয়েছে কাটার জন্য। চা-বাগান সম্প্রসারণের নামে তিন বছর ধরে নানা কৌশলে চলছে পানপুঞ্জির গাছ কাটা। ইতিমধ্যে কয়েক দফায় প্রায় চার হাজার গাছ কেটে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের পাহাড়ি এলাকায় ‘নাহার-১’ (আসলমপুঞ্জি) নামে ২০০ একর ও ‘নাহার-২’ (কাইলিনপুঞ্জি) নামে ২৫০ একর ভূমি ১৯৮০ সালে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয় ‘নাহার চা-বাগান’ কর্তৃপক্ষ। কিন্তু তখন তারা সেখানে চায়ের চাষ শুরু করেনি। ওই ভূমি তারা পানপুঞ্জি হিসেবে বার্ষিক ইজারায় উপ-বন্দোবস্ত দেয় আদিবাসী খাসিয়াদের কাছে। এরপর ১৯৮০ সাল থেকে সেখানে খাসিয়ারা বসতি স্থাপন করে এবং পানপুঞ্জি গড়ে তোলে। এর মধ্যে আসলমপুঞ্জির উপ-বন্দোবস্তের মেয়াদ শেষ হয় ২০০৭ সালে এবং কাইলিনপুঞ্জির মেয়াদ শেষ হয় গত অক্টোবরে।আদিবাসীরা জানান, উপ-বন্দোবস্তের মেয়াদ শেষ হওয়ার আগেই চা-বাগান সমপ্রসারণের পরিকল্পনা নেয় নাহার চা-বাগান কর্তৃপক্ষ। এ জন্য ২০০৬ সালে প্রথম দফা গাছ কাটার উদ্যোগ নিলে বাধা দেয় বন বিভাগ। পরে ‘রোগা ও বয়স্ক’ গাছ কাটার কথা বলে বন বিভাগের অনুমোদন সাপেক্ষে ২০০৮ সালের সেপ্টেম্বর মাস থেকে গাছ কাটা শুরু হয়। কিন্তু ‘রোগা ও বয়স্ক’ গাছের কথা বলে গাছ কাটা হয় গণহারে। এতে পানপুঞ্জি ক্ষতিগ্রস্ত হলে পরিবেশবাদী সংগঠনগুলোর বাঁধায় গাছ কাটা থেকে সাময়িকভাবে বিরত থাকে বাগান কর্তৃপক্ষ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলে ২০১০ সালের ২৪ মে ওই দুই পানপুঞ্জিতে গাছ কাটার ওপর স্থগিতাদেশ জারি হয়।আদিবাসীদের অভিযোগ, স্থগিতাদেশ জারির আগে বাগান কর্তৃপক্ষ দুই পুঞ্জি থেকে প্রায় নয় হাজার গাছ কেটে ফেলে। এখন নতুন করে আবার গাছ চিহ্নিত করা হচ্ছে কাটার জন্য। এসব গাছের মধ্যে রয়েছে চা, জাম, কড়ই, রঙ্গি, আওয়াল, লুদ, শিমুল, গামার, গর্জন।গত শুক্রবার ওই দুটি পানপুঞ্জি ঘুরে দেখা গেছে, অসংখ্য গাছের গায়ে কালি দিয়ে নম্বর লেখা। কাইলিনপুঞ্জির প্রধান (পুঞ্জিমন্ত্রী) ফারলি সুরং জানান, এর আগে গাছ কাটার সময় এভাবে চিহ্নিত করা হয়েছিল। বাগানের মালিকেরা কেটে নেওয়া গাছ রোগা ও মরা দাবি করলেও একটিও রোগা ছিল না।আসলমপুঞ্জির প্রধান নোবার লাপাসাম বলেন, ‘আমরার আদি পেশা পান। আমরা মরমু, তবু পানজুম ছাড়মু না!’পানপুঞ্জিতে ফের গাছ কাটার প্রস্তুতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাপা। সংগঠনের যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, ‘নিজেদের বাঁচার তাগিদে আদিবাসিরা প্রকৃতির পরিচর্যা করে। তাই আদিবাসীদের উচ্ছেদ করা হলে সেই আঘাত পড়বে প্রকৃতির ওপরই। প্রকৃতি রক্ষার স্বার্থে আমরা আদিবাসীদের পক্ষে অবস্থান নিয়েছি।’তবে নাহার চা-বাগানের ব্যবস্থাপক পীযূষ কান্তি ভট্টাচার্য দাবি করেন, নতুন করে গাছ কাটার কোনো প্রস্তুতি কর্তৃপক্ষের নেই। তিনি প্রথম আলোকে বলেন, ‘চা-বাগান সম্প্রসারণের পরিকল্পনা করে কাটার জন্য আগেই কিছু গাছ চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী সময়ে উচ্চ আদালতের স্থগিতাদেশে গাছ কাটা বন্ধ করা হয়। কাজেই গাছের গায়ের ওই চিহ্নগুলো পুরোনো। আইনি বিষয় মোকাবিলা করার পর অবশিষ্ট গাছ কাটা হতে পারে।’যোগাযোগ করা হলে সিলেট বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) আবুল বাশার মিয়া বলেন, ‘নতুন করে গাছ চিহ্নিত করার খবর আমরাও পেয়েছি। সেখানকার ভূমি নিয়ে কিছু জটিলতা আছে, এ কারণে ত্বরিত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে বিষয়টি আমাদের পর্যবেক্ষণে আছে। নতুন করে গাছ কাটতে দেওয়া হবে না।’