গাছের পরনে যেন নতুন পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান চোখে দেখার নয়, কানে শোনার। কিন্তু কবিগুরুর সেই গানটি ‘বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা...’ এখন দিব্যি চোখে পড়ে; এমনকি এই কৃত্রিম মহানগরেও। যত ব্যস্ত আর প্রকৃতিবিমুখই হন না কেন, আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই। আমগাছের তো পাতাই ঢাকা পড়েছে মুকুলের সমারোহে। আর পথের মাঝখানের বিভক্তি বরাবর যে গাছপালা এত দিন হতশ্রী অবস্থায় প্রেতের মতো চেহারা নিয়ে বিব্রত হয়ে দাঁড়িয়ে ছিল, তারা যেন ঝলমল করছে খুশিতে।বসন্ত এসে তার বিপুল প্রাণশক্তিতে জাগিয়ে তুলেছে ম্রিয়মাণ প্রকৃতিকে। সাজিয়েছে রূপে, সৌরভে। শিমুল-পলাশ-অশোক-কাঞ্চনের রক্তিম ছটা যদিও সুলভ নয় এখানে, তা সত্ত্বেও শুধু নবীন পল্লবেই লাবণ্যময় হয়ে উঠেছে কঠিন-কঠোর এ শহর। বট, দেবদারু, জাম, নিম, শিরীষ, মেহগনি আরও সব গাছের শাখা ভরে উঠেছে ফিকে সবুজ কচি পাতায়। নতুন পোশাক পরে যেমন লোকে উত্সবে শামিল হয়, যায় নিমন্ত্রণে—গাছগাছালিও যেন তেমনই নতুন বসন-ভূষণে সেজেগুজে বেড়াতে এসেছে শহরে।প্রকৃতির প্রতি নিবিড় অনুরাগ যাঁদের কোনো অজুহাতেই অপসারিত করতে পারেনি, তাঁরা হয়তো কিছুটা সময় বের করে নেবেন প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গিয়ে নির্মল প্রশান্তি অনুভব করতে। কিন্তু তরুপল্লবে সুশোভিত তেমন প্রকৃতি কোথায়? এমন অভিযোগও অমূলক নয়। যেমন করে নিসর্গের ওপর আমরা খড়্গহস্ত, তাতে অরণ্যানী লুপ্তপ্রায় আমাদের অবিমৃশ্যকারিতায়। বনে যদি তাই না-ই বা যাওয়া হলো, বাগানে তো যাওয়া যায় অন্তত।তেমন বাগান ছিটেফোঁটা এ শহরেও আছে—বলধা, রমনা, সোহরাওয়ার্দী, উদ্ভিদ উদ্যান কিংবা আরও খানিকটা দূরে জাতীয় উদ্যান ভাওয়ালের শালবন। শালবনের কথা এলে কাব্যানুরাগীদের হয়তো মনে পড়বে শঙ্খ ঘোষের সেই পঙিক্তমালা, ‘মাটিতে কান পেতে শুনি শালবন...’। শালবন কি শোনা যায়? যায়, বসন্তের দুরন্ত দামাল হাওয়া যখন এসে বনে ঝাপটা দিয়ে হু হু করে বয়ে যায়, তখন পাতায় পাতায় হাওয়ার স্পর্শের শব্দ মধুর সংগীতের মতোই ছড়িয়ে পড়ে শ্রবণে। শুধু শালই তো নয়, আরও কত রকমের গাছপালা আছে এসব উদ্যানে। তাদের মসৃণ পাতায় রোদের দীপ্তি, হাওয়ার হিল্লোলে শিশুর হাসির মতো নিষ্কলুষ উচ্ছ্বাস, ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, ঝরা পাতার মর্মর ধ্বনি, হঠাত্ ভেসে আসা নাম না-জানা ফুলের মৃদু সৌরভ হূদয়ের খুব গভীরে হয়তো এমন এক জানালা মেলে দেবে, যা বন্ধ ছিল অনেক অনেক দিন ধরে। বসন্তই পারে প্রকৃতির মতো মানবহূদয়কেও মানবিক মহিমায় জাগিয়ে দিতে।