গাছের সঙ্গে ধাক্কায় বাসের সহকারী নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে এক বাসের সহকারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম মো. ইকবাল (২৮)। তিনি দুর্ঘটনাকবলিত চেয়ার কোচটির সহকারী ছিলেন। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া প্রথম আলো অনলাইনকে বলেন, দুর্ঘটনাকবলিত গ্রীন লাইন পরিবহনের ভলভো বাসটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের পুরোনো আরাকান সড়কের মনসার টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসটি আড়াআড়িভাবে আটকে যায়। ভেতরে যাত্রীরা আটকা পড়েন। দরজার পাশে থাকা ওই বাসের সহকারী ইকবাল গাছ ও কোচের মাঝে আটকা পড়ে মারা যান। বিশ্বান্তর বড়ুয়া বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর রাতের দিকে বাসটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ইকবালের লাশ উদ্ধার করেন।