গাজায় ইসরায়েলি হামলা চলছেই
ইসরায়েল ও হামাস কর্তৃপক্ষ অস্ত্রবিরতিতে রাজি হওয়া সত্ত্বেও গাজায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল জেরুজালেমে পৌঁছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ফিলিস্তিনিদের ইসরায়েলে রকেট হামলা বন্ধ করতে হবে। তিনি বলেন, গাজা পরিস্থিতি শান্ত করতে এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই। বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মিসরের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গতকাল মঙ্গলবার অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে মিসর সরকার ও হামাস কর্তৃপক্ষ। ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাবে তারা।গতকাল রাতভর গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। হামলার পর ওই এলাকার বেশ কিছু অংশের বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল ইসরায়েলি হামলায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়। এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছে ১১৬ জন।ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল অন্তত ১৫০টি রকেট ছুড়েছে। এতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা। এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এটাই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর।গাজা সংকট নিরসনে জাতিসংঘের পর এবার কূটনৈতিক তত্পরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মধ্যপ্রাচ্যে ঝটিকা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আজ বুধবার তিনি ইসায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন; পরে রামাল্লা ও কায়রো যাবেন এবং যুদ্ধবিরতির বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠক করবেন হিলারি।এর আগে গতকাল মিসরের রাজধানী কায়রোতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন গাজা সংকট নিরসনে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানান। আরব লিগের প্রধান নাবিল আল-আরাবির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।