গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ১১ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গতকাল বুধবার গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ সাঈদ খলিলি আল জাবারিসহ কমপক্ষে আটজন নিহত হন। আজও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আরও প্রাণহানির ঘটনা ঘটে।গতকালের ঘটনার পর আজ সকালে গাজা থেকে দুই শতাধিক রকেট ও মর্টারের গোলা ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এতে তিনজন নিহত হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। জাবারি নিহত হওয়ার পর ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার ঘোষণা দেয় হামাস। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে তাঁদের সেনাবাহিনী প্রস্তুত।