গাজায় নারীর শিক্ষক হতে পারবেন না পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় কোনো পুরুষ শিক্ষক মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াতে পারবেন না। নয় বছর বয়স থেকে ছেলে ও মেয়েদের আলাদা শ্রেণীকক্ষ থাকা বাধ্যতামূলক। হামাসশাসিত গাজার শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার নতুন এই আইন জারি হয়েছে। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর হবে। সম্প্রতি রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।হামাস কর্তৃপক্ষের জারি করা এই নতুন আইন গাজার উপকূলীয় এলাকাজুড়ে কার্যকর হবে। বেসরকারি, মিশনারি ও জাতিসংঘ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই আইনের আওতায় থাকবে।অনেকে হামাস সরকারের এই পদক্ষেপের সমালোচনা করে বলছেন, এই ইসলামি সংগঠন তাদের ভাবাদর্শ সমাজের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। হামাসের সমর্থকেরা অবশ্য বলছেন, এ শুধু ফিলিস্তিনি রক্ষণশীল মূল্যবোধকে আইন হিসেবে সংকলিত করা।এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের আইনবিষয়ক উপদেষ্টা ওয়ালিদ মেজহার বলেন, ‘আমরা একটি মুসলিম জাতি। কাজেই লোকজনকে মুসলমান বানানোর প্রয়োজন নেই। আমরা যা করছি, তা লোকজনের সেবা ও সংস্কৃতির জন্য।’এই আইনের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গাজার নারী অধিকারকর্মী জয়নব আল-ঘোনিমি ফিলিস্তিনের একটি বেতারকে বলেন, ‘নতুন এ আইন গাজাবাসীর ওপর নিজস্ব মূল্যবোধ চাপিয়ে দিতে হামাসের প্রকল্পের অংশ।’হামাস বলতে চায়, পুরোনো আইনের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য বিঘ্নিত হচ্ছে। তাই তারা নতুন আইন প্রণয়ন করে জনগণকে সংশোধন করতে চায়। কিন্তু নতুন এ আইনের মধ্য দিয়ে মূলত মুসলমান সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। ঐতিহ্যের দোহাই না দিয়ে কেন তারা বলে না যে, তারা কট্টর ইসলামপন্থী এবং তারা জনগণের সে রকম মনোভাব গড়ে তুলতে চাইছে।’এর আগে সাম্প্রতিক কয়েক বছরে হামাস সরকার নারী আইনজীবী ও স্কুলগামী মেয়েদের জন্য ইসলামি পোশাক বাধ্যতামূলক করেছে। এ ছাড়া কোনো নরসুন্দর কোনো নারীর চুল কাটতে পারবে না এবং গাজার রাস্তায় কোনো নারী-পুরুষ একসঙ্গে হাঁটলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।