গাজায় প্রাণহানি শতাধিক
গাজায় সপ্তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত সাত দিনের হামলায় ১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে সেখানকার চিকিত্সা কর্মকর্তারা জানিয়েছেন। আজ মঙ্গলবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত বুধবার থেকে গতকাল সোমবার পর্যন্ত গাজা উপত্যকার প্রায় দেড় হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে গাজা থেকে ছয় শতাধিক রকেট ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেল আবিব। হামাসের হামলায় এখন পর্যন্ত তিনজন ইসরায়েলি নিহত হয়েছে।এদিকে, মিসরের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভা বৈঠক করেছে। ওই প্রস্তাবের বিষয়বস্তু বিস্তারিত জানা যায়নি। তবে যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও হামাস উভয় পক্ষই শর্ত জুড়ে দিয়েছে। ইসরায়েল তাদের শর্তে উল্লেখ করেছে গাজা থেকে কোনো ধরনের হামলা না চালানো ও হামাসকে সশস্ত্র করা থেকে বিরত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের কথা। অন্যদিকে হামাস তাদের শর্তে বলেছে গাজার ওপর অবরোধ প্রত্যাহার ও ইসরায়েলি আগ্রাসন বন্ধের কথা। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে মধ্যস্থতা করছে মিসর। মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত মধ্যস্থতা বৈঠকে ইসরায়েল ও হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন। মিসরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সোমবার বা আজ মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে একটি ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন কায়রো গেছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করারও পরিকল্পনা করছেন। গাজা সংকট সমাধানের উপায় নিয়ে মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সোমবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।