গাজায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনি রকেট হামলায় ইসরায়েলের তিন নাগরিকের মৃত্যুর পর এবার গাজায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। হামলার জন্য ফিলিস্তিনিদের চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। বিবিসি অনলাইনের আজ শুক্রবারের খবরে এ কথা জানানো হয়।এহুদ বারাক গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীর অতিরিক্ত ৩০ হাজার সেনাকে ব্যারাক থেকে তলব করেছেন। এ ছাড়া গাজা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।গত বুধবার ইসরায়েলের হামলায় হামাসের সামরিকপ্রধান আহমেদ আল জাবারি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েলের অনবরত বিমান হামলায় গত দুদিনে চার শিশুসহ ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর জবাবে গতকাল গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের তিন নাগরিকের মৃত্যু হয়।এদিকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় আজ আরও তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামলার নিন্দা জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মিসরের রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসি। হামাসের প্রতি নৈতিক সমর্থন জানাতে আজ গাজা সফরে গেছেন মিসরের প্রধানমন্ত্রী হিসাম কানদিল। তাঁর সফরকালে কিছু সময়ের জন্য হামলা বন্ধ রাখা হবে হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন।ইসরায়েলে রকেট হামলা বন্ধে হামাসকে চাপ দিতে মিসর, তুরস্ক ও ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় বসার কথা রয়েছে।