গাজায় হামলা জোরদারের হুমকি ইসরায়েলের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনির গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে তাঁদের সেনাবাহিনী প্রস্তুত। গতকাল বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। আজ বৃহস্পতিবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।গতকাল হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ সাঈদ খলিলি আল জাবারিকে (৪৬) বিমান হামলা চালিয়ে হত্যার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন হুমকি এল। ওই হামলায় জাবারিসহ কমপক্ষে আট ব্যক্তি নিহত হয়েছেন।গতকাল বুধবার রাতে এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েল তাদের ভূখণ্ডে আর কোনো রকেট হামলা সহ্য করবে না।হামলা চালিয়ে জাবারিকে হত্যার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ‘হামাস ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে আজ আমরা পরিষ্কার বার্তা দিয়েছি। যদি প্রয়োজন হয়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের অভিযান সম্প্রসারিত করার জন্য প্রস্তুত আছে। আমরা আমাদের নাগরিকদের রক্ষা করতে সবকিছু করব।’এদিকে জাবারিকে হত্যার ঘটনায় আরব দেশগুলো নিন্দা জানিয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য শনিবার জরুরি বৈঠক ডেকেছে আরব লিগ।ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, এক দশক ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার কারণেই জাবারিকে হত্যা করা হয়েছে। চার বছর আগে ফিলিস্তিনের গাজায় বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েল। এর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হামাসের সর্বোচ্চ কর্মকর্তা জাবারি।