গাজার শিশুরা স্কুলে ফিরতে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলি সেনাবাহিনী ও গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাসের যোদ্ধাদের মধ্যে আট দিনের যুদ্ধ শেষে হাজার হাজার শিশু স্কুলে ফিরতে শুরু করেছে। গাজায় সক্রিয় জাতিসংঘের একটি সাহায্য সংস্থার মুখপাত্র আদনান আবু হাসনা জানান, আজ শনিবার গাজার স্কুলগুলো খুলেছে। প্রথম দিনে জাতিসংঘ পরিচালিত ২৪৫টি স্কুলে হাজার হাজার শিশু উপস্থিত ছিল। তিনি জানান, স্কুলে শিশুদের প্রথম দিনটি কেটেছে যুদ্ধের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ‘দ্য হিন্দু’র খবরে বলা হয়, গাজাভিত্তিক মানবাধিকার সংস্থা প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে ইসরায়েলের সঙ্গে গাজার শাসক দল হামাসের সংঘর্ষে ১৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়। তাদের মধ্যে ৩৩ জন শিশু-কিশোর রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে। আর গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে ইসরায়েলের ছয়জন নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছে।