গাজায় ইসরায়েলি ট্যাংক আক্রমণ
ইসরায়েলের একটি ট্যাংকের বহর গতকাল শুক্রবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় আক্রমণ চালায়। ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে এক সংঘর্ষে দুই পক্ষের অন্তত চারজন নিহত হওয়ার পর ইসরায়েলের পাঁচটি ট্যাংক ও দুটি বুলডোজার পূর্ব গাজা থেকে খান ইউনিস শহরের দিকে গোলাবর্ষণ করতে করতে অগ্রসর হয়। এদিকে গাজাভিত্তিক জঙ্গি গ্রুপ পপুলার রেজিস্ট্যান্স কমিটিস বোমা হামলায় তাদের একজন সদস্যের গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে। ফিলিস্তিনিরা এই হতাহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। তারা আরও জানায়, ইসরায়েলি হেলিকপ্টার ও চালকবিহীন বিমান গাজার আকাশে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মধ্যরাত পর্যন্ত গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। তবে ট্যাংকগুলো তখনো একই জায়গায় দাঁড়িয়ে মাঝেমধ্যে গুলি করছিল। সেখানকার বাসিন্দারা আরও বড় ধরনের ইসরায়েলি হামলার আশঙ্কা করছিল এবং তাদের ওই অঞ্চল ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়।এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজার অভ্যন্তরে টহল দেওয়ার সময় ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তাদের একজন কর্মকর্তা ও একজন কর্মচারী নিহত হওয়ার কথা জানায়। এ সময় তাদের দুজন সেনা আহত ও দুই ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয় বলে তারা জানায়। তবে ফিলিস্তিনিরা তাত্ক্ষণিকভাবে এই দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেনি। তবে তারা গাজা হাসপাতালের বরাত দিয়ে ১০ বছরের একটি শিশুসহ পাঁচজন আহত হওয়ার কথা জানায়। এদিকে ইসরায়েল এই সংঘর্ষের জন্য হামাসকে দায়ী করেছে। তবে ফিলিস্তিনের আরও দুটি জঙ্গি গ্রুপ— ইসলামিক জিহাদ ও আল-আকসা মারটায়ার্স ব্রিগেডস দাবি করে তাদের সদস্যরাও এ সংঘর্ষে অংশ নেয়। গাজায় ইসরায়েলের ভারী অস্ত্রসজ্জা নতুন কিছু নয়। গাজা সীমান্তে তারা সব সময়ই কিছু অস্ত্রের মজুদ রাখে।২০০৭ সাল থেকে গাজা শাসনকারী ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস বলেছে, এর সদস্যরা গাজা উপত্যকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। গাজার জ্যেষ্ঠ সাংসদ মুসির আল মাসরির নেতৃত্বে হামাসের শত শত সমর্থক জাবালিয়া উদ্বাস্তু শিবির থেকে রাস্তায় বেরিয়ে এসে ওই সংঘর্ষে দুই ইসরায়েলি সেনার মৃত্যুতে উল্লাস প্রকাশ করে। ২০০৯ সালের শুরুতে ২১ দিনের এক যুদ্ধের পর গত ১৪ মাসের মধ্যে এটিকে ভয়াবহতম হামলা বলে অভিহিত করেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিতাল লিভোভিচ। গত বছরের যুদ্ধে এক হাজার ৪০০ ফিলিস্তিনি, যাদের বেশির ভাগই বেসামরিক ও ১৩ জন ইসরায়েলি, যাদের বেশির ভাগই সেনা নিহত হয়। এই যুদ্ধের পর হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে ছোট কিছু উপদল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝেমধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে রকেট ও মর্টার নিক্ষেপ করে।—রয়টার্স