গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১১
গাজায় ইসরায়েলের সিরিজ বিমান হামলায় গতকাল শুক্রবার ১১ ফিলিস্তিনি নিহত এবং শিশুসহ ১২ জন আহত হয়েছে। ফিলিস্তিনের চিকিত্সা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা টেলিভিশন অনলাইনের।একজন মেডিকেল ছাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, শুক্রবারের সর্বশেষ ওই বিমান হামলায় অ্যাপাচে হেলিকপ্টার থেকে ছোড়া রকেট একটি ঘর ও একটি গাড়ির ওপর আঘাত হানে। এতে তিন ফিলিস্তিনি নিহত হয়। এর আগে, পৃথক আরেকটি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পপুলার রেসিস্টেন্স কমিটিসের (পিআরসি) প্রধান জোহার আল-কায়েসি ও তাঁর সামরিক প্রতিরক্ষা-সহচর মাহমুদ আল-হান্নানির মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরায়েলি ড্রোন থেকে পরিচালিত হামলায় আল-কায়েসির গাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এ ছাড়া, ফিলিস্তিনের ইসলামিক জিহাদের সামরিক শাখা ‘আল-কুদস ব্রিগেড’ জানিয়েছে, গাজার পূর্ব দিকে ইসরায়েলের বিমান হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে।ইসরায়েলের দাবি, আল-কায়েসি ইসরাইলে হামলা করার পরিকল্পনা করছিল। তাই তাঁদের ওপর এ হামলা চালানো হয় বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে বলেছে, এ হামলা একটি ‘নেতিবাচক পরিবেশ’ সৃষ্টি করেছে। ঘটনাটি এ অঞ্চলে সহিংসতা বাড়িয়ে দেবে। এদিকে, পিআরসির একজন মুখপাত্র জানান, তাঁরা ইসরায়েলের ওই হামলার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।