গাজায় ছয়টি হামলা চালিয়েছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় আজ শুক্রবার ইসরায়েল ছয়টি হামলা চালিয়েছে। হামাসের নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানায়, মিসর সীমান্তে সুড়ঙ্গপথে তিনটি হামলা চালানো হয়। এতে দুজন বেসামরিক লোক আহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, গাজায় ইসরায়েলের সীমান্তসংলগ্ন এলাকা ও অস্ত্র তৈরির একটি প্রতিষ্ঠানসহ ছয়টি লক্ষ্যবস্তুতে তাঁরা হামলা করেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হামাস ৩৩০টিরও বেশি রকেট হামলা চালিয়েছে। সর্বশেষ গতকালের হামলার পরে ইসরায়েল শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের এ সপ্তাহের শেষে ইসরায়েল সফর করার কথা। ইসরায়েল মুন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে হামাসের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটি চিঠি লিখবে বলে জানা গেছে। শুধু তাই নয়, ইসরায়েলে নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত গাব্রিয়েল সালেভ ২০০৬ সালে হামাস জঙ্গিদের হাতে বন্দী ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের মুক্তির ব্যাপারে উদ্যোগ নিতেও জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে আহ্বান জানাবেন।