গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের হামলা, নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের নৌবাহিনী গাজার উদ্দেশে ত্রাণবহনকারী একটি তুর্কি জাহাজ জোর করে দখল করার সময় ১০ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।জাতিসংঘ, তুরস্ক ও ইসরায়েলের মিত্র দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি সম্পর্কে তারা জানার চেষ্টা করছে।তুরস্ক তার রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ডেকে পাঠিয়েছে। দেশটি জাতিসংঘের প্রতি নিরাপত্তা পরিষদের সভা ডাকার আহ্বান জানিয়েছে।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর যুক্তরাষ্ট্র সফর বাতিল করে এ সংকট মোকাবিলার জন্য দেশে ফিরে এসেছেন।জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বান কি মুন এ ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছেন।ছয় জাহাজের বহরটির আয়োজক ফ্রি গাজা মুভমেন্টের মুখপাত্র জানান, ইসরাইল সামরিক বাহিনীর কমান্ডো (আইডিএফ) হেলিকপ্টার থেকে নেমে জাহাজটি দখল করে নেয় বলে তিনি জানান।গাজা ভূখণ্ডে ইসরায়েলি অবরোধ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে গতকাল রোববার ফিলিস্তিনি সমর্থক দল এবং তুর্কি মানবাধিকার সংস্থার আয়োজনে ত্রাণের বহরটি সাইপ্রাস থেকে যাত্রা শুরু করে। ত্রাণের জন্য এক হাজার মেট্রিক টন খাদ্যবহনকারী জাহাজটির নিরাপদে গাজায় পৌঁছানোর জন্য তুরস্ক ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।ইসরায়েল বলছে, হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা অংশে, যেখানে ১৫ লাখ লোকের বসবাস, সেখানে অবরোধ চালিয়ে যেতে পুরোপুরি সংকল্পবদ্ধ।২০০৭ সালে হামাস এই এলাকায় নিয়ন্ত্রণ নেওয়ার পর ইসরায়েল গাজা ভূখণ্ডে অবরোধ করে রাখে। গাজা উপত্যাকার বিভিন্ন শহরে প্রতিদিন রকেট নিক্ষেপ বন্ধ করার লক্ষ্যে ২০০৮ সালে ইসরায়েল গাজা আক্রমণ করে।