গাজায় ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলী হামলার জন্য বাংলাদেশের নিন্দা
ফিলিস্তিনি নাগরিকদের জন্য ত্রাণবাহী ‘ফ্লোটিলা’ নৌবহরে ইসরায়েলী হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এশিয়ার দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি করতে পারস্পরিক সম্পর্ক জোরদারবিষয়ক (আইসিএ) সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।দীপু মনি বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সমঝোতার নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। তিনি সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশের দ্ব্যর্থহীন অবস্থানের কথা পুর্নব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদ দমন এবং এর মৌলিক কারণগুলো চিহ্নিত করে তা নির্মূলে কাজ করতে জোটের সদস্য দেশগুলোকে আহ্বান জানান।ফিলিস্তিনের গাজার অধিবাসীদের জন্য ত্রাণবাহী ‘ফ্লোটিলা’ নৌবহরের ওপর বর্বর হামলার জন্য দীপু মনি ইসরায়েলে কঠোর সমালোচনা করেন। তিনি মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।