গাজায় বিমান হামলায় প্রাণহানি অব্যাহত
ইসরায়েল আজ রোববার পঞ্চম দিনের মতো ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। এ হামলায় এখন পর্যন্ত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। আজ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এদিকে গাজায় সম্ভাব্য স্থল হামলার জন্য প্রায় ৭৫ হাজার রিজার্ভ সেনা প্রস্তুত রেখেছে ইসরায়েল। গাজা থেকে পাঁচ শতাধিক রকেট ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেল আবিব। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।অপরদিকে গাজায় প্রায় এক হাজার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকই বেসামরিক লোকজন।ইসরায়েল গতকাল শনিবার গাজায় হামাসের সরকারি ভবনগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এসব ভবনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ও রয়েছে।হামাসকে প্রতিহত করতে আরও শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল।ইসরায়েলের এ হামলাকে আগ্রাসন হিসেবে অভিহিত করেছে আরব লিগ। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল ও মিসরের নেতাদের সঙ্গে কথা বলেছেন।