মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি আশা করেছেন, আজ মঙ্গলবারই ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধ করতে পারে ইসরায়েল। আজ এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।যুদ্ধবিরতির জন্য মিসরের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত স্থল অভিযান না করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এ প্রেক্ষাপটেই যুদ্ধবিরতি নিয়ে বিবৃতি দিয়েছেন মুরসি। গত বুধবার থেকে গাজা ভূখণ্ডে অব্যাহত বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের ছোড়া রকেটে নিহত হয়েছে তিন ইসরায়েলি। হামাসের পাল্টা হামলা রোধে স্থল অভিযানের পরিকল্পনা করে ইসরায়েল। এ অবস্থায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় মিসর। দেশটির রাজধানী কায়রোতে ইতিমধ্যেই ইসরায়েল ও হামাসের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করেছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তিনি আশা করছেন, দুপক্ষই শান্তিচুক্তি মেনে নিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হবে। বিবিসি।