গাজায় হামলাকে ‘দুর্যোগ’ বললেন মিসরের প্রধানমন্ত্রী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলাকে ‘দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন মিসরের প্রধানমন্ত্রী হিশাম কানদিল। আজ শুক্রবার শহরটিতে সংক্ষিপ্ত সফরের সময় তিনি এ কথা বলেন ।তিন ঘণ্টার এ সফরে কানদিল গাজার একটি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হামাসের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি ‘আগ্রাসন’ অবশ্যই বন্ধ করতে হবে। গত রাতে গাজার ১৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গাজা থেকে ১১টি রকেট ছুড়েছে হামাস। গত বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মারা গেছে ২০ জন ফিলিস্তিনি। হামাসের পাল্টা হামলায় তিনজন ইসরায়েলিও নিহত হয়েছে।ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, ইসরায়েলি হামলায় নিহত লোকজনের মধ্যে হামাসের সদস্য, বেসামরিক নাগরিকসহ পাঁচটি শিশুও আছে।ইসরায়েলি কর্মকর্তারা বলেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় কিরাত মালাচি শহরে এক রকেট হামলায় দুজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছে। এদিকে ফিলিস্তিনে স্থল হামলা চালাতে ৩০ হাজার সংরক্ষিত সৈন্যকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সরকার। এর মধ্যে প্রাথমিকভাবে ১৬ হাজার সৈন্যকে বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তবে স্থল হামলার কোনো স্পষ্ট আলামত এখনো দেখা যায়নি বলে জানা গেছে। বিবিসি।