গাজায় হামাসের ২৫তম বর্ষপূর্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করবে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ইসলামি সংগঠন হামাস। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রায় ১০ হাজার মানুষ যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।সমাবেশে বক্তব্য দেবেন হামাসের নির্বাসিত রাজনৈতিক নেতা খালেদ মেশাল। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি জানান, খালেদ মেশাল তাঁর বক্তব্যে হামাসের ভবিষ্যত্ কর্মকৌশল ও প্রতিদ্বন্দ্বী দল ফাতাহর সঙ্গে মৈত্রী স্থাপনের বিষয়ে আলোচনা করবেন।গতকাল শুক্রবার মিসরের রাফা সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেন খালেদ মেশাল। ১৯৬৭ সাল থেকে নির্বাসিত থাকার পর ফিলিস্তিনি ভূখণ্ডে এটাই তাঁর প্রথম সফর। এ সফরকে নিজের ‘তৃতীয় জন্ম’ হিসেবে আখ্যায়িত করেছেন মেশাল। ১৯৯৭ সালে জর্ডানে থাকা অবস্থায় এক ইসরায়েলি চরের গুপ্তহত্যার হাত থেকে রক্ষা পান মেশাল। ইসরায়েল আরও কয়েকবার চেষ্টা চালিয়ে মেশালকে হত্যা করতে ব্যর্থ হয়।খালেদ মেশালের এই সফরকে খুব তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিবদমান দুই ফিলিস্তিনি সংগঠন হামাস ও ফাতাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখতে পারেন বলে আশা করা হচ্ছে। গত বছর ফিলিস্তিনিদের দুই দলকে এক করার উদ্যোগ নিয়েছিল মিসর। ওই সময় মিসরের সে পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন খালেদ মেশাল এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস। হামাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনি ও হামাসের পতাকা দিয়ে গাজার বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। হামাসকে ফিলিস্তিনের অন্যতম রাজনৈতিক শক্তি নতুন করে প্রতিষ্ঠা করতে এ প্রতিষ্ঠাবার্ষিকী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এর সমর্থকেরা। তবে হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের প্রতিবাদে ও মুক্তির আন্দোলনের লক্ষ্যে ১৯৮৭ সালে একদল ফিলিস্তিনি হামাস প্রতিষ্ঠা করে। বিভিন্ন আরবি শব্দের আদ্যক্ষর দিয়ে তৈরি সংক্ষিপ্ত শব্দ ‘হামাস’। মূল শব্দগুলো মিলে হামাসের পূর্ণাঙ্গ যে নাম, এর অর্থ হচ্ছে ‘ইসলামি প্রতিরোধ আন্দোলন’। এর প্রাথমিক লক্ষ্য ছিল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা।হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন ২০০৪ সালের মার্চে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নির্বাসনে থাকা খালেদ মেশাল এর রাজনৈতিক নেতা নির্বাচিত হন।২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে হামাস অভূতপূর্ব বিজয় অর্জন করে। তবে এর জেরে প্রতিদ্বন্দ্বী ফাতাহর সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। ২০০৭ সালে গাজায় দুই সংগঠনের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর চার বছর ধরে গাজা উপত্যকা হামাস ও পশ্চিম তীর ফাতাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। মিসরের মধ্যস্থতায় ২০১১ সালের মে মাসে কায়রোতে তাদের মধ্যে একটি ‘পুনর্মিলনী চুক্তি’ স্বাক্ষরিত হলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি।