গাজায় ১৩টি বিমান হামলা চালাল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় হামাস অধ্যুষিত অঞ্চলে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ১৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনিস শহরের কাছে চারটি বিমান হামলা হয়। প্রত্যক্ষদর্শী ও হামাস কর্মকর্তারা জানান, গাজায় ধাতুর কারখানা, খামার, দুধের কারখানা এবং হামাসের ছোট ঘাঁটিগুলোতে এসব হামলা চালানো হয়। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা গাজার চারটি অস্ত্র কারখানায় হামলার পরিকল্পনা করেছে। গত এক বছরের মধ্যে গাজায় ইসরায়েলের বড় ধরনের হামলা এটি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের পরিচালক মুয়াউইয়া হাসানিন জানান, বিমানের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি শিশু আহত হয়েছে।এদিকে ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ ইসরায়েল বরদাস্ত করবে না। গত সপ্তাহে খান ইউনিসে হামাসের হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত হন। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের বিমান থেকে এ হামলার পাল্টা প্রতিশোধ নেওয়া হবে বলে লিফলেট বিতরণ করা হয়।পুলিশ স্টেশন ও হামাসের প্রশিক্ষণকেন্দ্রগুলোও ইসরায়েলের রাতভর হামলার লক্ষ্য ছিল বলে হামাস জানায়।উল্লেখ্য, সম্প্রতি পূর্ব জেরুজালেমে এক হাজার ৬০০ নতুন ইহুদি বসতি নির্মাণের যে ঘোষণা ইসরায়েলের সরকার দিয়েছে, তারপর থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়েছে। হামাস জঙ্গিরাও সম্প্রতি ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে। গত বুধবার তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।