যেদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়, সেদিন আমি বগুড়া শহরের সাতমাথায়। শহর-জুড়ে পুলিশ আর পুলিশ। আমরা শহরের সাতমাথা ঘুরে পাশে জিলা স্কুলের বিজ্ঞান ভবনের কাছে গাছতলায় সমবেত হই। ঢাকায় ১৪৪ ধারা জারি হয়েছে, কী করা যায় এ নিয়ে আলোচনা। আমরা সমাবেশ করে সেখান থেকে সরে পড়ি।হঠাত্ খবর এল, ঢাকায় পুলিশের গুলিতে গাজীউল হক মারা গেছেন। ওই খবরে (গুজব) বগুড়া উত্তাল হয়ে ওঠে। শুরু হয় মিছিল আর বিক্ষোভ। সেদিন অনেককেই গ্রেপ্তার করা হয়। নামগুলো মনে নেই। তবে সন্ধ্যায় সাতমাথায় জরুরি সভা করে পরদিন থেকে অবিরাম ছাত্রধর্মঘট ডাকা হয়। পরে অবশ্য জানা যায়, গাজীউল হক মারা যাননি। তবে শহরে মিছিল-সমাবেশ-বিক্ষোভ চলতে থাকে।বগুড়ায় অবশ্য আগেই ভাষা অন্দোলন শুরু হয়েছিল। তখন আমি ন্যাপ করতাম। বায়ান্নতে ২১ ফেব্রুয়ারির আগেই সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে সভা-সমাবেশ হয়। এসব সভায় নুরুল হোসেন মোল্লা, মোখলেছুর রহমান, গোলাম মহিউদ্দিন, দুর্গাদাশ মুখার্জি, জালাল উদ্দিন আকবর, সাদেক আলী আহমদরা উপস্থিত ছিলেন। আমার কিছু কিছু মনে আছে, ২১ ফেব্রুয়ারি ধর্মঘট করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই দিন থেকে দুর্বার আন্দোলন হয়েছে। বগুড়া জিলা স্কুলের আমবাগানে আবদুল আজিজ কবিরাজের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। আমরা ঘোষণা দিলাম, কোনো সাইনবোর্ডে যেন উর্দু লেখা না থাকে। আমরা শহরে উর্দু লেখা সব সাইনবোর্ডে গোবর লেপে দিতাম। সে সময় প্রতিদিন সাতমাথায় সভা-সমাবেশ আর মিছিল করেছি।আমার বয়স এখন ৯৩ চলছে। অনেক কথা মনে করতে পারি না। সে সময় আমরা তিন কবিরাজ ছাড়াও অনেকে আন্দোলন করেছি একসঙ্গে। আমি ছাড়াও ছিলেন মোফাজ্জল কবিরাজ ও আবদুল আজিজ কবিরাজ। আমার বাড়ি শহর থেকে চার মাইল দূরে পদ্মপাড়া গ্রামে। সেখান থেকে সাতমাথায় এসে মিছিল-সমাবেশে অংশ নিয়েছি।আক্ষেপ, ভাষার জন্য এত আন্দোলন হলো অথচ এখনো সর্বস্তরে বাংলাভাষার প্রচলন হলো না। সরকারি কাজকর্মে বাংলা সন-তারিখ অনুসরণ করলেও একটা উল্লেখ করার মতো কাজ হয়। অন্তত বাংলা মাসের হিসাব করে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার নিয়ম চালু করা যেতে পারে। গ্রামের সাধারণ মানুষ তো এখনো বাংলা মাসের হিসাব করেই তাদের কাজকর্ম করে থাকে, কিন্তু শহরাঞ্চলে এর প্রচলন নেই। এসব বিষয় আমাকে দুঃখ দেয়।ভাষার জন্য আন্দোলন করেছি, সে কথা কেউ আর মনে রাখেনি। বহুকাল পরে প্রথম আলো আমাকে স্মরণ করেছে, এ জন্য তাদের ধন্যবাদ দিই। যাঁদের সঙ্গে ভাষা আন্দোলন করেছিলাম—জালাল উদ্দিন, মোল্লা, মোখলেছসহ অনেকেই আজ আর নেই। সর্বস্তরে বাংলাভাষা চালু হোক এটাই চাই।মতিয়ার রহমান কবিরাজ: ভাষাসৈনিক