গাজীপুর, চট্টগ্রামেও অ্যানথ্রাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ও চট্টগ্রামেও অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটেছে। এ দুই জেলায় মোট তিনজনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট ও পাবনায় আরও ১৫ জন এই রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ১১টি জেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটল।চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাধীন আতিকুর রহমান নামে এক রোগী অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। গত বুধবার হাসপাতালের অণুজীববিজ্ঞান বিভাগে পরীক্ষার পর ওই ব্যক্তি অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে নিশ্চিত হয়েছেন চিকিৎসকেরা। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রধান মনসুরুল আলম জানান, বহির্বিভাগে আতিকুর রহমানের চিকিৎসা চলছে।জানা গেছে, আতিকুর মাসখানেক আগে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন ভূঁইয়া ডেইরি ফার্মে কাজ করতেন। গত মাসের মাঝামাঝিতে ওই খামারে একটি গরু মারা যায়। গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।এদিকে অ্যানথ্রাক্স মোকাবিলায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরে গতকাল বৃহস্পতিবার ১১টি জেলার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সভা হয়। সভায় আক্রান্ত এলাকা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে অ্যানথ্রাক্স নিয়ে নানা প্রচার চালানোর নির্দেশনা দেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পশুস্বাস্থ্য প্রশাসনের সহকারী পরিচালক বিধানচন্দ্র দাশ ও প্রাণিসম্পদ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক পার্থরথি সরকার।গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন কালনি দেওলিয়া গ্রামের মিয়াজ উদ্দিন (৫০) এবং পূবাইলের হায়দরাবাদ এলাকার আমান উল্লাহ (৩৩)।সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, আমান উল্লাহ ও মিয়াজ উদ্দিন বুধবার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের অসুস্থতার লক্ষণ দেখে সন্দেহ হলে পরীক্ষার পর অ্যানথ্রাক্সের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। আমান উল্লাহ জানান, তিনি ঈদের পরের দিন গাজীপুর সদর উপজেলার মীরের বাজার এলাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে গরুর মাংস খেয়েছিলেন। এর পরে ডান পায়ের গোড়ালিতে চুলকানি শুরু হলে তাঁর সন্দেহ হয়। সেইমতো চিকিৎস্যা নিতে তিনি হাসপাতালে যান।লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত নয়জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জন। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকার জানান, আগে শনাক্ত ৭৬ জনকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে, তাঁদেরও দেওয়া হবে।লালমনিরহাট জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হোসেন সরকার জানান, ঈদের দুই দিন আগে গিলাবাড়ী গ্রামের জবুর আলীর একটি গাভি অসুস্থ হয়ে মারা যায়। এরপর তাঁর অসুস্থ আরেকটি গরু জবাই করে গ্রামের কয়েকটি পরিবার মাংস ভাগ করে নেয়। অ্যানথ্রাক্সে আক্রান্ত নয়জন ওই গরুর মাংস খেয়েছিলেন বলে জানা যায়।পাবনা: জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইল হাট ও নাগডেমরা গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তার হলো বড় পাথাইলহাট গ্রামের মো. শুভ (৮), আরিফুল ইসলাম (১০), সোহেল রানা (১২), পারভেজ হোসেন (১২) ও নিলচাঁদ (৪০) এবং নাগডেমরা গ্রামের মো. আবদুল গফুর (৫০)।গত বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মনসুরুল ইসলামের নেতৃত্বে একটি চিকিৎসা দল তাদের শনাক্ত করে। এ নিয়ে পাবনায় মোট ৬৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলো।এলাকাবাসী সূত্রে জনা যায়, আক্রান্ত ব্যক্তিরা ঈদের তিন দিন আগে স্থানীয় বাজার থেকে কেনা একটি গরুর মাংস খায়। এর দুই দিন পর থেকেই তাদের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ দেখা দেয়। বুধবার বিকেলে তারা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যায়। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই এলাকার মানুষকে সচেতন করতে প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় লিফলেট বিতরণ ও সভা করা হচ্ছে।[প্রতিবেদনটি তৈরিতে তথ্য-সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম, পাবনা অফিস এবং গাজীপুর ও লালমনিরহাট প্রতিনিধি]