গাজীপুর উপনির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে তাদের জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বিএনপির নেতাদের উদ্দেশে বলেন, ‘গাজীপুর উপনির্বাচনে আসুন। প্রমাণ হোক সরকার ও আপনাদের জনপ্রিয়তা।’ বিএনপি গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন তিনি। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। খবর বাসসের। হানিফ বলেন, নজরুল ইসলাম সমগ্র বাঙালি জাতির কবি। তিনি বলেন, ‘শিক্ষক-বুদ্ধিজীবীদের নজরুলের আদর্শ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার দরকার, তা দিতে প্রস্তুত আছি। আমরা চাই, নজরুলের চিন্তা-চেতনা চারদিকে ছড়িয়ে পড়ুক।’এর আগে সকাল আটটার দিকে কবির পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের মধ্যে ছিলেন খিলখিল কাজী, উমা কাজী ও মিষ্টি কাজী।শ্রদ্ধা নিবেদন শেষে কবির নাতনি খিলখিল কাজী বলেন, নজরুল ছিলেন সাম্য, স্বাধীনতা ও শোষিত মানুষের পক্ষের কবি। তাই কবির জন্ম ও মৃত্যুবার্ষিকীর মধ্যে সীমাবদ্ধ না থেকে তরুণ প্রজন্মকে তাঁর চেতনার দীক্ষা নিতে হবে। তিনি বলেন, নজরুলের সাম্যের গান সবার কাছে পৌঁছে দিতে হবে। কাজী নজরুল ইসলামের সমাধিতে আরও শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও তাঁর সহকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, উদীচী, আন্তর্জাতিক নজরুলচর্চা কেন্দ্র, বাংলা একাডেমি, বেগম রোকেয়া হলসহ বিভিন্ন সংগঠন।