গাজীপুর ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৬
গাজীপুর ও কুমিল্লায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।গাজীপুরে নিহত ব্যক্তিরা হলেন কোতোয়ালি থানার শাহী ঈদগাহ রোড এলাকার ইমাম হোসেন (৪০), তাঁর স্ত্রী নাজমা আহাম্মেদ (৩৫), শাশুড়ি শরিফুন নেছা (৫৫) ও তাঁদের প্রাইভেটকারের চালক।কুমিল্লায় নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামের তোফায়েল আহমেদ (৪২) ও একই উপজেলার মাইক্রোচালক আমিরাবাদা গ্রামের রাসেল (২০)।শ্রীপুর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গী-কালীগঞ্জ সড়কের বালিগাঁও এলাকায় আজ সকাল সাতটার দিকে ভৈরবমুখী চলনবিল পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইমাম হোসেন, নাজমা, শরিফুন নেছা ও তাঁদের প্রাইভেটকারের চালক নিহত হন। আহত হয়েছে আরও ১০ জন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পুলিশ লাশ চারটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ছাড়া সংঘর্ষের পর বাসটি খাদে পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, আজ বেলা একটায় দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান এবং চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী তোফায়েল ও চালক রাসেল ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছে ১০ জন। এর মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে আশঙ্কাজনক অবস্থার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহত ব্যক্তিদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আট কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।