গাজীপুর ও টাঙ্গাইলে যান চলাচল স্বাভাবিক
গাজীপুর ও টাঙ্গাইলে যান চলাচল এখন অনেকটা স্বাভাবিক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী থেকে চন্দ্রা ত্রিমোড়, কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এবং টাঙ্গাইলের দিকে মির্জাপুর পর্যন্ত যে তীব্র যানজট ছিল সন্ধ্যা ছয়টার দিক থেকেই তা স্বাভাবিক হতে শুরু করে। এসব এলাকায় এখন গাড়ির চাপ থাকলেও যানজট নেই। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে এ যানজটের সৃষ্টি হয়। রাত নয়টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিলেও মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজট বাড়তে থাকে। তবে রাত দুইটার দিকে মহাসড়কের দেওহাটা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক বিকল হওয়ার পাশাপাশি বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে যানজট যমুনা সেতুর পূর্ব প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাত তিনটার দিকে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলতে শুরু করে। তার পরও মহাসড়কের কালিয়াকৈর থেকে পাকুল্যা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষ সীমাহীন দুর্ভোগ পোহায়।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান বলেন, মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ নিরলস কাজ চালিয়ে যাচ্ছে।অতিরিক্ত যানবাহনের চাপে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী থেকে চন্দ্রা ত্রিমোড় এবং কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতে বৃষ্টির কারণে যানজট আরও বাড়তে থাকে।গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ৯৫০ জন পুলিশ সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন। ঢাকা ও টাঙ্গাইলের সঙ্গে সমন্বয় রেখে গাজীপুরের ট্রাফিক-ব্যবস্থা সাজানো হয়েছে। সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই বলে তিনি দাবি করেন।