গাজীপুর নিয়ে দুই দলেরই অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি অভিযোগ করেছে, একটি বিশেষ এলাকার কর্মকর্তাদের গাজীপুরের পুলিশ প্রশাসনে নিয়োজিত রাখা হয়েছে। কয়েকটি এলাকায় পোশাকশ্রমিকদের পরিচয়পত্র নিয়ে নেওয়া হয়েছে। কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ ১৪ জন প্রিসাইডিং কর্মকর্তার ব্যাপারে আপত্তি তুলেছে। তারা অভিযোগ করেছে, নির্বাচনে ধর্মের অপব্যবহার হচ্ছে।তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, অভিযোগ গড়পড়তা। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাত্ করে অভিযোগ করেন। সাক্ষাত্ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সুবিধার জন্য নির্বাচনে বিশেষ এলাকার পুলিশ কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা প্রভাব বিস্তার করছেন। ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে প্রমাণিত হয়, বিদ্যমান পরিস্থিতিতে সেনা মোতায়েন প্রয়োজন। আমরা কমিশনের কাছে সেই দাবি জানিয়েছি।’ কর ফাঁকির অভিযোগে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ভোটের সময় এনবিআরের আচরণ প্রমাণ করে, সরকার সবখানে দলীয়করণ করছে। কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ৮১ জন প্রিসাইডিং কর্মকর্তার তালিকা ইসিতে জমা দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁদের দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।বিকেলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমদ ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম কমিশনের সঙ্গে বৈঠক করেন। দুই আওয়ামী লীগ নেতা ইসলামী ব্যাংকের ১৪ জন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা ও নির্বাচনে ধর্মের অপব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী ১৪ জন প্রত্যাহার করা হলে বিএনপির দেওয়া তালিকার ৮১ জনকেও প্রত্যাহার করতে হবে।বৈঠক শেষে তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দলের অভিযোগ ভিত্তিহীন। সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সময় স্থানীয় নির্বাচনে কখনো সেনা মোতায়েন হয়নি। তবে কমিশন চাইলে সেনা মোতায়েন করতে পারে। তোফায়েল আহমদে বলেন, ‘চার সিটি নির্বাচনের সময়ে বিএনপির বারবার অভিযোগ করেছে। নির্বাচনের দিন একাধিকবার সংবাদ সম্মেলন করে বলেছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। জেতার পর আর কোনো অভিযোগ করেনি। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করাটা তাদের স্বভাবে পরিণত হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা চাই, অতীতের মতো এবারও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হবে। শুধু স্থানীয় নির্বাচন নয়, আগামী জাতীয় নির্বাচনও অবাধ হবে।’ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গাজীপুরের নির্বাচন পর্যবেক্ষণ করার অভিযোগ সম্পর্কে তোফায়েল আহমদে বলেন, ‘বিএনপি যেসব অভিযোগ তুলেছে তার প্রতিটি বিষয়ে সিইসির কাছে জবাব দিয়েছি। তাদের অভিযোগ অবান্তর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেল গঠনের অভিযোগ মিথ্যা।’ এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘এ ধরনের সেল হলে আমি অন্তত জানতাম।’ বিকেলে দপ্তর ছাড়ার আগে সিইসি রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সজাগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো আশঙ্কা নেই। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত।’আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে সিইসি বলেন, ‘গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল থাকে। তারা প্রার্থীদের সমর্থন দিচ্ছে। তাদের কথাও শুনতে হচ্ছে। অভিযোগ গড়পড়তা হলে এ বিষয়ে অ্যাকশন নেওয়া সম্ভব নয়। সুনির্দিষ্ট হলে ব্যবস্থা নেব। তার পরও অভিযোগের সত্যতা পেলে রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’সেনাবাহিনী মোতায়েনের দাবি প্রসঙ্গে রকিব উদ্দীন বলেন, ‘স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। ভোটের দিন পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিবাচক। পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা নেই। আমরা কেয়ারফুল। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কমিশন প্রস্তুত আছে।’