গাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাঙচুর
অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাজীপুর সদরের নলজানি এলাকায় পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় লোকজন। এ সময় তারা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের পাঁচটি মোটরসাইকেল ও আবাসিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেছে বলে জানা গেছে।আজ মঙ্গলবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনামুল কবির নামে আনসারের এক সদস্য আহত হন। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে বিদ্যুত্ আসা-যাওয়ার মধ্যে ছিল। তারাবি নামাজ, সেহরি ও ফজরের নামাজের সময়ও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। পরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর ক্ষুব্ধ মুসল্লিদের সঙ্গে এলাকাবাসী একত্র হয়ে পল্লী বিদ্যুতের কার্যালয়ে এই হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাজীপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সৈয়দ অহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাজীপুরে বিদ্যুতের চাহিদা ১৬০ মেগাওয়াট। কিন্তু আমরা পাচ্ছি মাত্র ৪৫ মেগাওয়াট। আগামী নভেম্বর মাসের আগে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা কম। নভেম্বরে সদর উপজেলার কড্ডায় ৫০ মেগাওয়াটের একটি প্লান্ট উত্পাদনে যাবে। এখানে উত্পাদিত বিদ্যুতের ৭৫ শতাংশ গাজীপুরে ব্যবহূত হবে।’