গাজীপুর সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া আপাতত অন্য কোনো নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ। তিনি বলেন, রাজশাহী সিটি নির্বাচনের একটি কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেউই এর কারণ নির্ণয় করতে পারেনি। বর্তমানে যান্ত্রিক গোলযোগের কারণ অনুসন্ধানের কাজ চলছে। এ সমস্যার সমাধান করা গেলেই কেবল পরবর্তী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।শাহ নেওয়াজ আরও জানান, ১৫ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাতটি ভোটকক্ষের একটিতে (ইউবিইসি-সি-০০১৫০ নং) ইভিএম মেশিন বিকল হওয়ায় ফল দেওয়া সম্ভব হয়নি। এই যন্ত্রে ভোট পড়ে ৩১০টি।