গাজীপুর-৪ আসনে ঈদের আগে তফসিল
শূন্য ঘোষণা করা গাজীপুর-৪ আসনে ঈদের আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ কমিশন কার্যালয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ডের সীমানা নির্ধারণের জন্য কর্তৃপক্ষ গঠন করেছে। সীমানা নির্ধারণের পর ওয়ার্ড ধরে ধরে ভোটার তালিকা বিন্যাস করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গেজেট ঘোষণার ১৮০ দিনের মধ্যে রংপুর সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। নির্বাচন করতে হবে। প্রসঙ্গত, আওয়ামী লীগদলীয় সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করলে গত ৭ জুলাই গাজীপুর-৪ আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই থেকে ৯০ দিনের নির্বাচন এ আসনে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।জাতীয় পরিচয়পত্র প্রসঙ্গ:ব্যাংক-বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পরিচয়পত্র চাওয়া প্রসঙ্গে কাজী রকিব উদ্দীন আহমদ, এটি যেন না চাওয়া হয় সে ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তরে আবারও চিঠি পাঠানো হবে।আইনে বলা আছে, যত দিন পর্যন্ত না দেশের সব নাগরিক জাতীয় পরিচয় পাবে তত দিন পর্যন্ত এটির ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না। এ ব্যাপারে আগের কমিশন সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল। তবে কোনো ফল না হওয়ায় নির্বাচন কমিশন আবারও এ ব্যাপারে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।