গাজীপুর-৪ আসনে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর
শূন্য ঘোষিত গাজীপুর-৪ আসনের উপনির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ২৩ আগস্ট তফসিল ঘোষণা করা হতে পারে। আজ রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সরকারদলীয় সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ তাঁর সদস্যপদ ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয় । গাজীপুর উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার ঘোষণা প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, কমিশনের দায়িত্ব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। বিশেষ কোনো দলকে নির্বাচনে আনার পরিকল্পনা কমিশনের নেই। যেসব দল অংশ নেবে, কমিশন তাদের সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, নির্বাচনে স্বাভাবিক নিয়মেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন আছে বলে কমিশন মনে করে না। শাহনেওয়াজ জানান, আগামী সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে। যেসব দল কমিশনের শর্ত পূরণ করতে পারবে, তাদেরই নিবন্ধন দেওয়া হবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে কমিশন ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়। এর মধ্যে ধারাবাহিকভাবে তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়।