গাজীপুরে আইনজীবীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের দক্ষিণ কাথোরা মৈশান বাড়ি এলাকায় এক আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত আইনজীবীর নাম সোহেলুর রহমান (৩০)। তাঁর বাড়ি সদর উপজেলার ভাওরাইদ এলাকায়। ঘটনাটি ঘটেছে নিহতের বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে। হত্যাকারীরা আইনজীবীর ব্যবহূত মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে গেছে।পুলিশ জানিয়েছে, মৈশান বাড়ি এলাকার একটি সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ থেকে ২০ গজ দূরে বিচ্ছিন্ন অবস্থায় মাথা পাওয়া যায়। মাথা বিচ্ছিন্ন করা ছাড়াও নিহত আইনজীবীর পেট, বুক ও শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর আদালতের বার লাইব্রেরি প্রাঙ্গণ ও নিহতের গ্রামের বাড়ি ভাওরাইদে পৃথক দুটি জানাজা হয়। পরে তাঁর মরদেহ ভাওরাইদে দাফন করা হয়। নিহতের বাবা হাবিবুর রহমান দর্জি বাদী হয়ে গতকাল রাতে জয়দেবপুর থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করা হয়েছে।নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে গাজীপুর আদালত থেকে বের হয়ে বিকেল চারটার দিকে তিনি চতর এলাকার বাসায় ফেরেন। এ সময় তাঁর সঙ্গে দুজন যুবক ছিলেন। বাসায় অল্প সময় অবস্থানের পর ওই দুই যুবকের সঙ্গেই তিনি বেরিয়ে যান। বুধবার সন্ধ্যা থেকেই তাঁর ব্যবহূত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, এক বছর আগে গাজীপুর শহরে খুন হওয়া অপর আইনজীবী সোহেল রানা হত্যা মামলায় অন্যতম সাক্ষী ছিলেন সোহেলুর রহমান। এ ছাড়া দুই মাস আগে সালনা এলাকায় নিহত আইনজীবীর এক বন্ধুর মোটরসাইকেল ছিনতাই হয়। ওই মোটরসাইকেল উদ্ধারের জন্য সোহেলুর রহমান ছিনতাইয়ে জড়িতদের সঙ্গে দেনদরবার করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ দুটি সূত্র নিয়ে পুলিশ তদন্তকাজ শুরু করেছে। তিনি আরও বলেন, সোহেলুর রহমানের ঘনিষ্ঠ কাউকে খুনিরা ব্যবহার করে তাঁকে ঘটনাস্থল মৈশানবাড়ি নিয়ে গেছে বলে মনে হচ্ছে।