গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় গত শুক্রবার গভীর রাতে আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশের একজন সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে দুজনকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।নিহত পুলিশ সদস্যের নাম আজিজুর রহমান (৪৫)। তিনি গাজীপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সের নায়েক। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরের বাঁশকান এলাকায়। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও কনস্টেবল আবু রায়হান। পুলিশের বিবরণ থেকে জানা যায়, উপজেলার বড়কাউ এলাকায় গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৪০ জন পুলিশের একটি দল এলাকার চাঁদাবাজি মামলার আসামি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদেরসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে যায়। এ সময় কাদের কৌশলে পালিয়ে যান। পরে একই গ্রামের সাইদুল ইসলাম নামের আরেক আসামিকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে থানার উদ্দেশে সাইদুলকে নিয়ে বড়কাউ বাজারে পৌঁছামাত্র এলাকায় ডাকাত পড়েছে বলে আশপাশের একাধিক মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এ সময় এলাকাবাসী দা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে এলাকাবাসীর ধারালো অস্ত্রের আঘাতে গাজীপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সের নায়েক আজিজুর রহমান গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল আবু রায়হানও আহত হন। সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। বিভিন্ন বাড়িতে নারীরা অবস্থান করলেও কথা বলতে কেউ রাজি হননি। ঘটনার রাত থেকেই পুলিশ ও র্যাব-১-এর সদস্যরা আসামি ধরতে অভিযান চালান।এ ঘটনায় র্যাব গতকাল বিকেলে বড়কাউ থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আবদুল কাদেরের ছেলে শাহীন (৩০) ও স্থানীয় ইউপি সদস্য মো. এন্তাজের ছোট ভাই মো. মোশাররফ হোসেন।নাগরী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহীম জানান, পুলিশ ওই গ্রামে গিয়ে নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত চিৎকারের শব্দ শোনা যায়। মাইকে গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার মানুষকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের ও তাঁর ছোট ভাই মজিবুর রহমানকে প্রধান করে আসামি করা হয়েছে। এ ব্যাপারে কথা বলতে চাইলে আবদুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পুলিশ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত ৩০ এপ্রিল রাজউকের প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর কে গ্রুপ কালীগঞ্জ থানায় আবদুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে ওই চাঁদাবাজির মামলা করে।