গাজীপুরে আড়াই মাসে ১৯ লাশ
গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে গত আড়াই মাসে ১৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঁদের মধ্যে যশোর জেলা বিএনপির নেতা নাজমুল ইসলাম, একজন পোলট্রি ব্যবসায়ী ও একজন অটোরিকশাচালকসহ কয়েকজনের পরিচয় মিলেছে।লাশগুলো পাওয়া গেছে রাস্তার পাশে, জঙ্গলে, বিলে ও পুকুরে। নয়জনকে শ্বাসরোধ করে, চারজনকে আঘাত ও জখম এবং একজনকে গুলি করে হত্যার পর লাশগুলো ফেলে রাখা হয়।আড়াই মাসে এতগুলো হত্যাকাণ্ড হলেও একটি ছাড়া অন্যগুলোর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। পরিচয়হীন লাশগুলো গাজীপুর পৌরসভার কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে নিয়মানুযায়ী তাঁদের ছবি তুলে রেখেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।এ ব্যাপারে পুলিশ সুপার আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, গাজীপুরে লাশ উদ্ধারের ঘটনা বাড়তে থাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শুধু টঙ্গী এলাকায় তিনটি তল্লাশিচৌকি বসানো হয়েছে। এ ছাড়া হোতাপাড়া, কালিয়াকৈর, চক্রবর্তীসহ সব কটি সড়কে অনেকগুলো তল্লাশিচৌকি রয়েছে। এসব চৌকিতে প্রত্যেকটি যানবাহন খুব ভালো করে তল্লাশি করে ছাড়া হয়। এ ছাড়া অতিরিক্ত টহল পুলিশ তো আছেই।অক্টোবরে সাতজনের লাশ উদ্ধার: ৩ অক্টোবর কালিয়াকৈর উপজেলার সারাবাড়ি গ্রামের একটি বিল থেকে ওই গ্রামের লিটনের (২৮) লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা লিটনকে শ্বাসরোধে হত্যা করেছে।এক দিন পর টঙ্গীর মধুমিতা এলাকায় রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ পাওয়া যায়। তাঁর মুখ থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।৭ অক্টোবর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গার হায়াতখাঁর চালা এলাকা থেকে হারিছ মোল্লা নামের এক ব্যক্তির (৭০) লাশ পাওয়া যায়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। এক দিন পর কালিয়াকৈরের ভান্নারা এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ।১৫ অক্টোবর গাজীপুর পৌরসভার পূর্ব ভুরুলিয়ার একটি বিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় পোলট্র্রি ব্যবসায়ী শাহজাহান মিয়ার (৩৫) লাশ পাওয়া যায়। এ ঘটনায় করা হত্যা মামলার বাদী নিহতের ছোট ভাই মো. সাহিদ প্রথম আলোকে বলেন, ব্যবসায়িক কাজে তাঁর ভাই মজনুর কাছে ১৪ লাখ টাকা পেতেন। ওই টাকা চাওয়ায় মজনু ও তাঁর বন্ধু জিয়ারুল দু-তিন দিন আগে তাঁর ভাইকে অপহরণের পর হত্যা করে।ওই মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তারের পর জিয়ারুল ও মজনু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এদিকে ২৭ অক্টোবর সদর উপজেলার শালনা বাজারের পাশ থেকে উদ্ধার করা হয় শেরপুরের নকলা উপজেলার নয়ন মিয়ার (২৪) লাশ। তাঁর গলায় রশি পেঁচানো ছিল।এক দিন পর কালিয়াকৈরের শাকাস্বর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) লাশ পাওয়া যায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।নভেম্বরে আটজনের লাশ: ১ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় গামছা পেঁচানো ছিল।৪ নভেম্বর সদর উপজেলার হোতাপাড়া এলাকার রংমিস্ত্রি ডিপজল (৩৮) কাজের কথা বলে বাসা থেকে বের হন। এর সাত-আট দিন পর ওই এলাকায় রুদ্রপুর সড়কের পাশের একটি জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ডিপজলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।গাজীপুর কৃষি ডিপ্লোমা কলেজ চত্বরের ডোবা থেকে ১০ নভেম্বর সন্ধ্যায় এক তরুণীর কঙ্কাল উদ্ধার করা হয়। এটি সদর উপজেলার চতর নয়াপাড়া এলাকার প্রয়াত আলতাফ হোসেনের মেয়ে মুক্তা আক্তারের (২০) কঙ্কাল। তাঁর মা বাহাতুন্নেছা বলেন, মুক্তা পোশাক কারখানায় চাকরি করত।১২ নভেম্বর সদর উপজেলার ভোগড়া এলাকায় গলায় রশি পেঁচানো অবস্থায় আসমা আক্তার (২১) নামের এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর হাতে শাঁখা ও মাথায় সিঁদুর দেওয়া ছিল। ১৬ নভেম্বর কালিয়াকৈরের রতনপুর রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ। তাঁর চোখে, গলায় ও শরীরে ছিল আঘাতের চিহ্ন।১৮ নভেম্বর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর রক্ষিতপাড়া গজারি বন থেকে উদ্ধার করা হয় অটোরিকশাচালক শহিদুল ইসলামের (২৮) লাশ। তাঁর মাথায় দুটি ও বাম গালে একটি গুলির চিহ্ন ছিল। ২৭ নভেম্বর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যান থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার হয়।ডিসেম্বরে চারজনের লাশ: ৯ ডিসেম্বর টঙ্গীর মুদাফা প্রত্যাশার মাঠের পাশে একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার হয়। ১১ ডিসেম্বর কালিয়াকৈরের শেওড়াতলী এলাকার সেতুর নিচ থেকে রিপন মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ১৪ ডিসেম্বর রতনপুর এলাকার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় কিশোরের লাশ উদ্ধার হয়। সর্বশেষ ১৫ ডিসেম্বর সকালে গাজীপুরের দক্ষিণ শালনায় গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয় যশোর জেলা বিএনপির নেতা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলামের (৪৫) লাশ।পুলিশের বক্তব্য: জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘একটি লাশ উদ্ধারের পর আমরা সেটা নিয়ে দীর্ঘ সময় তদন্ত করি। এমনও আছে, একটি ঘটনায় প্রায় এক বছর পর্যন্ত তদন্ত করে তার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের বলেন, দুর্বৃত্তরা অনেক সময় মাথা থেঁতলে বা ভিন্ন কৌশলে হত্যাকাণ্ড ঘটিয়ে লাশ রেললাইনের পাশে ফেলে যায়। যাতে সবার মনে হয় ট্রেন থেকে পড়ে বা ট্রেনের আঘাতে মারা গেছে।টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম বলেন, টঙ্গী এলাকায় পুলিশের অতিরিক্ত তল্লাশিচৌকি বসানোয় আগের তুলনায় লাশ উদ্ধার কমে গেছে।কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘পরিচয়হীন লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফন হলেও আমরা ছবি তুলে সেগুলো বিভিন্ন থানায় পাঠিয়ে পরিচয় উদ্ধারের চেষ্টা করি।’