গাজীপুরে গণপিটুনিতে ছয় ডাকাতের মৃত্যু
গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গতকাল রোববার সকালে জনতার পিটুনিতে ছয় ডাকাতের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তারা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পুলিশের পাহারায় চিকিৎসা নিচ্ছে।পুলিশের ভাষ্যমতে, হতাহত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য। গণপিটুনির আগে শনিবার গভীর রাতে ডাকাতেরা কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকায় একটি বাস নিয়ে ডাকাতি করতে যায়। তারা দুই ব্যবসায়ীর বাড়ি থেকে অর্থ, স্বর্ণালংকারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে।নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলার বাগবাড়ী গ্রামের শুক্কুর আলী (৪০) এবং কাওরাইদ গ্রামের কামাল হোসেন (২৫) ও আবদুল মালেক (৩০)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে আছে।আটক আহত ব্যক্তিরা হলেন শ্রীপুরের কাওরাইদ গ্রামের রফিক (৩৪), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আবদুল্লাহ (৩০), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দাইপাড়া গ্রামের আসলাম (৩০), নোয়াখালীর চাটখিল উপজেলার ধর্মপুর গ্রামের নূরুদ্দীন (৩০), কালিয়াকৈরের বারইবাড়ী গ্রামের লুৎফর রহমান খান (৩২) ও শেরপুরের নকলা উপজেলার সুজন (২৬)। ডাকাতদের কাছ থেকে ২০ হাজার ১২১ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, ইন্দোনেশিয়ান ৬০০ রুপিয়া ও মালয়েশিয়ার সাত রিঙ্গিত, একটি ওয়ান শ্যুটারগান, প্রভাতী বনশ্রী পরিবহনের (ঢাকা জ-১৪-০৩৮৪) একটি বাসসহ লুণ্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।ডাকাতির শিকার পরিবার, গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে গাছবাড়ী এলাকার ব্যবসায়ী আজমত আলীর বাড়ির দরজা ভেঙে ১৫-১৬ জন অস্ত্রধারী ডাকাত ভেতরে ঢোকে। পরে বাড়ির লোকজনকে অস্ত্র দেখিয়ে আলমারি ভেঙে সাড়ে পাঁচ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে চলে যায় ডাকাতেরা। একই কায়দায় তারা ওই গ্রামের মালয়েশিয়াফেরত জাহাঙ্গীর আলমের বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা পরে ঘরের লোকজনকে অস্ত্র দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা লুট করে। এ সময় ডাকাতদের আঘাতে উভয় বাড়ির অন্তত তিনজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, ডাকাতি শেষে ডাকাতেরা বাস নিয়ে গাজীপুর সদরের দিকে আসতে থাকে। এদিকে ডাকাতির শিকার দুই পরিবারের লোকজন ঘটনাটি টেলিফোনে মৌচাক ফাঁড়ি ও কালিয়াকৈর থানার পুলিশকে জানায়। পুলিশ স্থানীয় ফটিক মার্কেট ও ভান্নারা লেভেল ক্রসিংয়ে বাসটি আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে মৌচাক ফাঁড়ির সামনে কাভার্ড ভ্যান ও অন্য গাড়ি সড়কে আড়াআড়ি রেখে রাস্তা বন্ধ করে দেয়। টের পেয়ে ডাকাতেরা ফাঁড়ির কাছাকাছি এসে বাস থেকে নেমে অন্ধকারে গা-ঢাকা দেয়। পরে ডাকাতেরা হেঁটে জঙ্গল দিয়ে কাশিমপুরের দিকে রওনা হয়। ভোর চারটার দিকে ডাকাতেরা এনায়েতপুর এলাকার জঙ্গলে আশ্রয় নেয়।কাশিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব জানান, এলাকায় গরু চুরি বেড়ে যাওয়ায় এনায়েতপুরের বাসিন্দারা রাতে পালা করে পাহারা দিচ্ছিলেন। পাহারায় নিয়োজিত ব্যক্তিদের একজন হাফপ্যান্ট পরা এক ডাকাতকে দেখে চ্যালেঞ্জ করেন। অন্য পাহারাদারেরা তাঁকে ধরে ফেলেন। এটা দেখে কাছেই জঙ্গলে লুকিয়ে থাকা অন্য ডাকাতেরা সহকর্মীকে ছাড়াতে এগিয়ে আসে। তারা অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে সহকর্মীকে নিয়ে পালানোর চেষ্টা করে। ইতিমধ্যে এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে গ্রামবাসী চারদিক ঘেরাও করে ১২ ডাকাতকে ধরে বেদম পিটুনি দেয়।কোনাবাড়ী ইউনিয়নের চক্রবর্তী ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে জয়দেবপুর থানা ও চক্রবর্তী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে মৃত এবং ১০ ডাকাতকে আহত অবস্থায় উদ্ধার করে। গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুই ডাকাতের মৃত্যু হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ডাকাতি, অস্ত্র উদ্ধার ও ছয় ডাকাতের মৃত্যুর ঘটনায় গাজীপুর সদর থানায় দুটি এবং কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। কাশিমপুর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন জানান, গ্রামের যারা ডাকাতদের ধরেছে, তিনি তাদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ডাকাত আটকের খবর পেয়ে ডাকাতির শিকার দুই পরিবারের সদস্যরা থানায় এসে ডাকাতদের কাছ থেকে উদ্ধার হওয়া মালামাল নিজেদের বলে শনাক্ত করেছেন। তিনি জানান, নিহত ডাকাত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।